Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 13:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফেব্রুয়ারি ভাষার মাস। আর ভাষার মাস মানেই আকাশে বাতাসে বইমেলার গন্ধ নতুন, পুরোনো দেশি-বিদেশি বই কিনতে শহরের বইমেলায় ভিড় করেন বইপ্রেমীরা। কিন্তু বই কিনে জমিয়ে রাখলেই হবে? বইয়ের যত্নও নিতে হবে।

বইয়ের যত্ন না নিলে তাতে পোকা কাটতে পারে। ধুলো জমে নোংরা হতে পারে। তাই বই পড়ুয়া সবারই উচিত বইয়ের সঠিক যত্ন নেওয়া। পাঠকের উদ্দেশ্যে আজকে বইয়ের যত্ন নিয়ে কিছু টিপস দেওয়া হলো।

বুক শেল্ফ

বইয়ের যত্নের জন্য প্রথমেই দরকার ভালো একটি শেল্ফ বা বইয়ের তাক। যা সহজেই পরিষ্কার করা যায়। সবচেয়ে ভালো হয় যদি শেল্ফে কাঁচের দরজা থাকে। এমনটা হলে ধুলোবালি কম পড়ে, আবার বইগুলো বাইরে থেকে দেখাও যায়।

কাঁচের শেলফ না থাকলেও, বই কিন্তু কখনোই দরজা বা জানালার গা ঘেঁষে রাখবেন না। এতে রোদ বা বৃষ্টির ছিটে এসে সহজে নষ্ট করে দিতে পারে আপনার সখের বইগুলিকে।

মুছে নিন

বইয়ের যত্ন না নিলে পোকায় কাটে, এতে ধুলো জমে, বই দুর্গন্ধ হয় কিংবা ছিঁড়ে যায়। ধীরে ধীরে প্রিয় বইয়ের এই অবস্থা যাতে না হয়, সেজন্য মাঝে মাঝে বইগুলোকে শেল্ফ থেকে নামিয়ে আস্তে আস্তে সেগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর কিছুক্ষণ রোদে রাখার পর আবারো যত্ন করে তুলে রাখুন বইয়ের তাকে।

পড়ার অভ্যাস

বই জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, দৃষ্টিকেও করে প্রসারিত। তাই শৈশব থেকে শিশুদের যেমন বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস করা দরকার, তেমনি বইয়ের যত্নও শেখানো উচিত তাদের। এর জন্য বইয়ের ভেতরে নিমপাতা এবং শেলফের প্রত্যেকটি তাকে একটি বা দুইটি করে ন্যাপথলিন বল রেখে দিন। এছাড়া শুকনো ল্যাভেন্ডার ফুল দিয়ে ছোট ছোট পুঁটলি বানিয়ে শেলফের কোণায় রাখতে পারেন। এটা পোকা থেকে দূরে রাখবে।

বই গুছিয়ে রাখুন

গাদাগাদি করে বই না রেখে, বিষয় অনুযায়ী বইয়ে লেবেল লাগিয়ে গুছিয়ে রাখুন। তাছাড়া সব বই যে একদিনেই মুছতে বা পরিষ্কার করতে হবে, এমন কোনো কথা নেই৷ সময় কম থাকলে একেকদিন একেক বিষয়ের বইগুলো পরিষ্কার করুন, যত্ন নিন।

এতে বই খুঁজে পাওয়া এবং পরিষ্কার করে বই গুছিয়ে রাখা অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া বইপ্রেমী বন্ধুদের উপহার খুঁজতেও গোছানো বুক শেলফ সাহায্য করবে আপনাকে।

রাসায়নিক পাউডার

তুলনামূলকভাবে বেশি পুরনো বইয়ে কিন্তু পোঁকামাকড় ও দুর্গন্ধ বেশি হয়। এ সব এড়াতে কেউ কেউ বইয়ের ভেতর রাসায়নিক পাউডার দিয়ে রাখেন, যা একেবারেই উচিত নয়।

কারণ বইয়ে থাকা পাউডার থেকে বই পড়ার সময় শরীরের ক্ষতি হতে পারে। আসলে বই নিয়মিত ঝেড়ে-মুছে পরিষ্কার করে রাখলে বইয়ের মধ্যে রাসায়নিক ব্যবহারের কোনো প্রয়োজন হয় না।

বইয়ের মলাট

পড়ার আগে বইয়ে মলাট লাগিয়ে নিলে বইয়ের ওপরটা অনেকদিন পর্যন্ত নতুন থাকে। আর যদি পড়ার সময় প্রিয় বইটির চেহারা দেখতে চান, তাহলে ট্রান্সপারেন্ট পেপারের মলাট লাগিয়ে নিন।

তাহলেই আর কোনো অসুবিধা থাকবে না। তবে হ্যাঁ, পড়ার সময় বা পরিষ্কার করার সময় বই কিন্তু কখনো ভেজা বা নোংরা হাত দিয়ে ধরবেন না।

বইয়ের যত্নে ছাড় নয়!

বইপ্রেমীদের মনের পিপাসা মেটাতে বিশ্বের সব বই কিনে পড়া সম্ভব নয়। এরপরও অনেকে বই পড়তে নিয়ে ছিঁড়ে ফেলে, অযত্নে রেখে নষ্ট করে। কাউকে বই দেওয়ার আগে বলে দিয়ে, আপনার দেওয়া বইটি যদি ভালো থাকে, তবে বন্ধুত্বও টিকে থাকবে। তাই বইয়ের যত্ন নিন, অন্যদের যত্ন নিতে উদ্বুদ্ধ করুন।

(এম এস/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮)