Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 17:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:ভারত নিয়িন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা দ্বিতীয় দিনেও চলছে। শনিবার শুরু হওয়া এ গোলাগুলির ঘটনায় রোববার সকাল পর্যন্ত অন্তত ৬ জন নিহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে সেনাবাহিনীর পাঁচ সদস্য রয়েছেন। রোববার হতাহতের সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, শ্রীনগরে সেনাঘাটিতে গোলাগুলির ঘটনায় তিন হামলাকারী নিহত ও আরো ১১ জন আহত হয়েছেন। সানজুয়ান সেনা ক্যাম্পে এখনো গোলাগুলি চলছে।

সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলার পর রোববার সকালে সেনাবাহিনীর বিশেষ দল ও প্যারা কম্যান্ডো অভিযান শুরু করে। সামরিক এ অভিযানে বিমানবাহিনীর হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়।

সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত পুরো অভিযান পর্যালোচনা করেন। কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনীর ওই ঘাঁটিতে এখনো অজ্ঞাত সংখ্যক হামলাকারী লুকিয়ে রয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তারা আটকা রয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে শত শত পুলিশ, সেনা ও আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেনাবাহিনীর এই ঘাঁটির কাছে অনেক স্কুল ও বেশ কয়েকটি শপিং সেন্টার রয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশ-পাশের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। শহরের কেন্দ্রে ওই হামলা হয়েছে। এখনো গোলাগুলি অব্যাহত আছে।

এদিকে, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তিনি অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

হামলাকারীরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের অনুসারী একটি দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই গোষ্ঠীর সদস্যরা জম্মু-কাশ্মিরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে।

সূত্র : আলজাজিরা।

(এম এস/ ১১ ফেব্রুয়ারি ২০১৮)