Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 10:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর মনোহরদীতে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক করেছে এলাকাবাসী। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, ডিবি পুলিশের পোশাক, ২টি খেলনা পিস্তল এবং ১ টি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- কুড়িগ্রামের শফিকুল ইসলাম (৩৫), বরিশালের দেলোয়ার হোসেন (৪৫), ফেনীর ইবরাহিম (২৭) ও কুমিল্লার মমিন (৪৫)।

মঙ্গলবার দুপুরে জেলার মনোহরদী উপজেলার চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়ররা জানান, মঙ্গলবার দুপুরে মনোহরদীর বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের জনৈক ব্যক্তি অগ্রণী ব্যাংক চালাকচর বাজার শাখা থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেন। পরে বাড়ী যাওয়ার পথে চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে পৌঁছলে চার ব্যক্তি তার গতিরোধ করে। পরে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে প্রাইভেটকারে উঠানোর চেষ্টা করেন। এসময় তাদের আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে আটক করে মনোহরদী থানায় সংবাদ দেয়া হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন ভূঁঞার নেতৃত্বে পুলিশ গিয়ে তাদেরকে আটক করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন ভূঁঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ চার ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিদেরকে আটক করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(এসএইচআর/এসএএম/ ১৩ ফেব্রুয়ারি ২০১৮)