Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 23:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক,বিনিয়োগবার্তা, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসনের সাজার বিষয়ে আলোচনা করতে দলের পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা তাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা, তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার অভিযোগ ও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং আমাদের দলের অবস্থান জানিয়েছি।’

তিনি বলেন, ‘এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন চায়, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।’

গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর মামলার রায়ের পর থেকে বিদেশি কূটনৈতিক, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

(এমআইআর/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮)