
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভিশন ২০৩০ বাস্তবায়নে এবার নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। সৌদি আরবে সামরিক বাহিনীতে এবার নিয়োগ পেতে যাচ্ছেন দেশটির নারীরা। সৌদি সাধারণ নিরাপত্তা বিভাগ বিভিন্ন অঞ্চলের জন্য সৈনিক পদে নারী নিয়োগের জন্য ঘোষণা দিয়েছে।
সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার সূত্রে জানা গেছে, রাজধানী রিয়াদ, মক্কা, আল কুসাইম ও আল মদিনাসহ বিভিন্ন প্রশাসনিক অঞ্চলগুলোতে এ নিয়োগ দেওয়া হবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া শ্রমশক্তিতে নারীর অবস্থান নিশ্চিত করার উদ্যোগের পদক্ষেপগুলোর মধ্যে একটি।
এ পদে নিয়োগের জন্য নারীদের অবশ্য জন্ম ও বেড়ে ওঠা সূত্রে সৌদি নাগরিক হতে হবে। তবে পিতার সরকারি চাকরিতে বদলির কারণে যদি কেউ দেশের বাইরে থাকেন, তাদের জন্য এ শর্ত শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশের পাশাপাশি বয়স ২৫ থেকে ৩৫এর মধ্যে চাওয়া হয়েছে। এক্ষেত্রে সৌদি নাগরিক নন এমন কাউকে বিয়ে করলে তিনি এই পদে আবেদন করতে পারবেন না।
সৌদি আরবের শত বছরের কট্টরপন্থা থেকে বেরিয়ে নারীদের সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতার পরিধি বাড়াচ্ছে মোহাম্মদ বিন সালমানের সরকার। চলতি বছরের শুরু থেকে সৌদি নারীদের মোবাইল ফোন ব্যবহার, গাড়ি, স্কুটার চালানো, স্বাধীন ব্যবসা পরিচালনা ও স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে সৌদি সরকার। এছাড়া বিমানবন্দর, সীমান্তে ১৪০ টি পদ খোলা হয়েছে নারীদের জন্য। সৌদি আদালতেও তদন্তকারী পদে নারীদের নিয়োগ দেওয়া হচ্ছে।
কট্টরপন্থা থেকে বেরিয়ে মধ্যপন্থী ও মুক্ত ইসলামের সৌদি আরব করার সামাজিক ও অর্থনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে যুগান্তরকারী পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব সরকার।
(এম এস/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮)