Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 21:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের পরও সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলা চলছে। গত এক সপ্তাহে বোমা হামলায় শিশু সহ শতাধিক মানুষ নিহত হয়েছে।

দামেস্কের কাছে পূর্ব গৌতায় গত এক সপ্তাহ ধরে বোমাবর্ষণ চলছে। সেখানে ত্রাণ সহায়তা পৌঁছানো এবং অসুস্থ ও আহতদের সরিয়ে নিতে এলাকাটিতে ৩০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব শনিবার অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবু হামলা থামেনি। সূত্র বিবিসি।

সর্বশেষ হামলায় এলাকাটিতে স্থল অভিযানও চলছে। জাতিসংঘের অবিলম্বে যুদ্ধবিরতি শুরুর আহ্বানের কয়েকঘণ্টা পরই এ হামলা হয়েছে। গতকাল রোববার ফ্রান্স এবং জার্মানি যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য সিরিয়া সরকারকে চাপ দিতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে।

পূর্ব গৌতার প্রধান শহর দৌমার উপকণ্ঠে বিমান হামলা চলছে বলে জানিয়েছে ‘দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। এলাকাটির দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে উভয়পক্ষেই বেশ কয়েকজন হতাহত হওয়ার খবরও জানিয়েছে এ সংস্থা।

স্থল অভিযানের মধ্য দিয়ে সিরিয়া বাহিনী পূর্ব গৌতায় প্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে রোববার জানিয়েছে সরকারপন্থি এবং বিদ্রোহী উভয় বাহিনী। সরকারি বাহিনী কয়েকটি দিক থেকে পূর্ব গৌতায় ঢোকার চেষ্টা চালিয়ে আসলেও এ পর্যন্ত তারা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে।

গত রোববার থেকে রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি পূর্ব গৌতায় সরকারি বাহিনী ধারাবাহিকভাবে বোমাবর্ষণ করে আসছে।

(এম এস/ ২৬ ফেব্রুয়ারি ২০১৮)