Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি ইসিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চিঠির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দেওয়া হয়েছে।

বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন চিঠিটি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। এ ছাড়া আলাদা একটি চিঠিতে কমিশনের চাওয়া দলীয় কিছু তথ্যও দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় টাকা খরচ করে প্রচার-প্রচারণা করছেন। তফসিল ঘোষণার আগে এ ধরনের নির্বাচনী প্রচার চালান আচরণবিধি ও আইনের লঙ্ঘন। প্রধানমন্ত্রীর এই প্রচারণা বন্ধে ইসিকে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকার প্রধানের এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়া সবার জন্য সমান সুযোগ সৃষ্টির পরিপন্থী পাশাপাশি তা আইনেরও লঙ্ঘন।

চলতি বছরের শেষে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বিএনপি চিঠিতে গত পয়লা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট সফর, ৮ ফেব্রুয়ারি বরিশাল সফর এবং রাজশাহী সফরে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া, সমাবেশ করা ও ভোট চাওয়ার বিষয়টি উল্লেখ করেছে।

(এমআইআর/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮)