Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 06:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

সোমবার দুপুর  থেকে বিকাল পর্যন্ত সদর জেলা সদরের ভেলানগর বাসস্ট্যান্ড (জেলখানা মোড়) ও ভেলানগর বাজার এলাকার পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) মো. মাহবুবুর রহমান ফারুকী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

মাহবুবুর রহমান ফারুকী জানান, স্থানীয় বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট, যানবাহনের টিকেট কাউন্টার ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। এতে মহাসড়ক অপ্রশস্ত হয়ে পড়ায় যান চলাচল ও জনগণের যাতায়াতে বিঘ্নসহ অহরহ দুর্ঘটনা ঘটে আসছিল। এসব অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে একাধিকবার মাইকিং করা হয়। এতে অনেকে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেয় এবং বাকি সব অবৈধ স্থাপনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এই মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান ।

এদিকে নরসিংদী জেলাখানা মোড়ের ভূঁইয়া মার্কেটের মালিক কামাল হোসেন ভূঁইয়া জানান, তার মার্কেটে কোন দোকান সড়ক ও জনপথ বিভাগে জায়গায় নয়। তার যতটুটু জায়গা ঠিক ততটুকুতেই মার্কেটের দোকান গড়ে তোলা হয়েছে। যার কাগজপত্র  তার কাছে রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘ সড়ক বিভাগের লোকজন গতকাল রোববার এসে মার্ক করে দিয়ে যায় এবং আজ সোমবার এসে ভেঙ্গে দেয়। ’

(এসএইচআর/এসএএম/ ০৫ মার্চ ২০১৮)