
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মানব সম্পদ উন্নয়নের জন্য ব্যাংকগুলোকে যথার্থ পরিমান বিনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশ বিদেশের ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা।
প্রথমবারের মতো বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ৪-৫ মার্চ,২০১৮, এই দুই দিন ব্যাপী আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন-২০১৮ এর আয়োজন করে।
সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার দুইটি অধিবেশন অনুষ্ঠিত হয়। দিনের প্রথম অধিবেশনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত বিশেষজ্ঞারা ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের ওপর তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।
এসময় উপরোক্ত মন্তব্য করেন তারা।
অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী এ রুমী আলী।
বিশেষজ্ঞরা ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা, বাজার ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মূলধন ব্যবস্থাপনার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।
‘দক্ষিণ এশিয়ার ব্যাংকিং খাতের মানব সম্মদ উন্নয়ন’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং খাত সংস্কার বিষয়ক উপদেষ্টা এবং সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (এনআইবিএম) পরিচালক ড. কে. এল. ধিঙ্গারা, নেপালের ন্যাশনাল ব্যাংকিং ইনস্টিটিউটের (এনবিআই) প্রধান নির্বাহী সানজিত সুব্বা, ভুটানের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ট্রেনিং ইনস্টিটিউটের (এফআইটিআই) প্রধান মানব সম্পদ কর্মকর্তা পিনজোর জিলিটসন, কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কান্ট্রি ম্যানেজার ভারুনা প্রিয়শান্তা কোলামুন্না দ্বিতীয় অধিবেশনের আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচকবৃন্দ ব্যাংকিং খাতের মানব সম্পদ উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেন।
আলোচকবৃন্দ আরো গুরুত্বারোপ করেন যে, ব্যাংকসমূহ শুধুমাত্র মুনাফা কেন্দ্রীক ব্যবস্যা না করে কিভাবে দক্ষ জনশক্তি গড়া যায় সে বিষয়ে মনোনিবেশ করা উচিত। কেননা মানব সম্পদ উন্নয়নের ওপরই প্রতিষ্ঠানসমূহের দীর্ঘস্থায়িত্বতা নির্ভর করছে।
(এসএএম/ ০৫ মার্চ ২০১৮)