Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 15:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

চাঁদপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: চাঁদপুরে আলোচিত পারভীন হত্যা ও ধর্ষণসহ বেশ কয়েকটি মামলার আসামি কুখ্যাত সিরিয়াল কিলার রসু খাঁসহ তিনজনকে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মার্চ) চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল মান্নান এই রায় দেন।

দণ্ডিত অপর দুজন হলেন জহিরুল ইসলাম ও ইউনুছ। এদের মধ্যে ইউনুছ পলাতক রয়েছেন।

সাজাপ্রাপ্ত সবার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

চাঁদপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সায়েদুল ইসলাম জানান, ২০১০ সালের ফরিদগঞ্জ থানায় দায়ের করা পারভীন হত্যা মামলায় এই রায় দেওয়া হয়েছে।

১১টি হত্যার দায়ে অভিযুক্ত এই ব্যক্তি বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত নয়টি মামলার মধ্যে একটির রায় হয়েছে মঙ্গলবার।

মামলার বরাত দিয়ে পিপি সায়েদুল জানান, গার্মেন্টস কর্মী পারভীনকে প্রেমের ফাঁদে ফেলে রসু খাঁ ফরিদগঞ্জ উপজেলার খালপারে নির্জন স্থান নিয়ে হত্যা করেন।

চাঁদপুরের মদনা গ্রামের বাসিন্দা রসু খাঁ। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর তার বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ পায়।
এর আগে খুলনার দৌলতপুরের গার্মেন্ট কর্মী সাহিদা বেগমকে ধর্ষণের পর হত্যার দায়ে রসু খাঁকে ২০১৫ সালে মৃত্যুদণ্ড দেয় আরেকটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে রসু খাঁ আপিল করেছেন।

(এমআইআর/ ০৬ মার্চ ২০১৮)