Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 02:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দুর্নীতির অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ শীর্ষস্থানীয় ১৬ ব্যাংকারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামীকাল বুধবার থেকে ১৪ মার্চ পর্যন্ত ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদেরকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের কাছে সোপর্দ করার লক্ষ্যে বেসিক, এবি, এনআরবিসি, ফারমার্স ব্যাংকের দুর্নীতির তদন্ত চলছে। কমিশনের তদন্ত টিম ব্যাংক সংশ্নিষ্টদের দুর্নীতির যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে শীর্ষ পর্যায়ের ১৬ ব্যাংকারকে তলব করা হয়েছে।

এর মধ্যে আগামী ৮ মার্চ ডাকা হয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে। ৭ ও ১৪ মার্চ অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এনআরবিসি ব্যাংকের ৭ পরিচালকসহ আটজনকে। ১১ ও ১৩ মার্চ ডাকা হয়েছে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ সাতজনকে।

বেসিক ব্যাংকের আলোচিত সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে এর আগে দুই বার জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে ৫৬ মামলায় প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ৪৯ নম্বর মামলায় বাচ্চুকে ডেকেছেন তদন্ত কর্মকর্তা মো. সামছুল আলম। এ মামলায় তার বিরুদ্ধে ঋণের নামে ৪৯ কোটি ৯৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এনআরবিসি ব্যাংকের  ৩০১ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান পর্যায়ে ৭ পরিচালকসহ ৮ জনকে আগামী ৭ মার্চ ও ১৪ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন দুদকের উপপরিচালক মো. সামছুল আলম। এর মধ্যে ৭ মার্চ জিজ্ঞাসাবাদ করা হবে পরিচালক আ. মান্নান, মো. ওয়ালিউর রহমান, মোহাম্মদ এনায়েত হোসেন ও ভাইস চেয়ারম্যান ডা. তৌফিক রহমান চৌধুরীকে। আর ১৪ মার্চ জিজ্ঞাসাবাদ করা হবে পরিচালক মো. আমির হোসেন, এমএ তুষার ইকবাল রহমান, ফিরোজ হায়দার খান ও  কামরুন নাহার সাথীকে।

বিদেশে ব্যবসার নামে পাচার করে ১৬৫ কোটি টাকা (২০ মিলিয়ন মার্কিন ডলার) আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। আগামী ১১ মার্চ তদন্ত পর্যায়ের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক এমডি মো. ফজলুর রহমান, শামীম আহমেদ চৌধুরী ও ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা মোস্তফা কামালকে। আগামী ১৩ মার্চ ডাকা হয়েছে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল আজিম, হেড অব করপোরেট মোহাম্মদ মাহফুজ উল ইসলাম ও হেড অব অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মোহাম্মদ লোকমানকে।

এছাড়া ফারমার্স ব্যাংকের পদত্যাগী চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

তাদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, ঋণের কমিশন নেওয়া, গ্রাহকের হিসাব থেকে নিজের হিসাবে অর্থ স্থানান্তর ও অনিয়ম, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে দুদকের এক চিঠির পরিপ্রেক্ষিতে মাহবুবুল হক চিশতীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশের ইমিগ্রেশন শাখা। অনুসন্ধান শেষে তথ্য-প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে।

(এসএএম/ ০৬ মার্চ ২০১৮)