Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 04:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, কক্সবাজার: ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো কাস্টমার সাকসেস সামিট-২০১৮ সম্পন্ন করেছে।

শনিবার দেশের পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে এ সম্মেলন। সম্মেলনে দেশি-বিদেশি ইউএস-বাংলার ট্রাভেল পার্টনাররা অংশগ্রহণ করেন।

সম্মেলনের মূল লক্ষ্য ছিল দেশী-বিদেশী ট্রাভেল এজেন্টদের মধ্যে সেতু বন্ধন, ট্রাভেল এজেন্সি ব্যবসাকে উৎসাহিত করা। পাশাপাশি বাংলাদেশের পর্যটন বিকাশে সরকারের প্রত্যক্ষ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভূমিকা তুলে ধরা।

ইউএস-বাংলা আয়োজিত কাস্টমার সাকসেস সামিটে দেশের বাহির থেকে বিশেষ করে কাতার, ওমান, সিঙ্গাপুর, মালয়শিয়া, থাইল্যান্ড, নেপাল ও ভারত থেকে প্রায় ২ শতাধিক ট্রাভেল পার্টনার এ সম্মেলনে যোগ দিবেন। আবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, যশোর, খুলনা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী থেকে প্রায় ৬ শতাধিক ট্রাভেল এজেন্ট ও উল্লেখযোগ্য সংখ্যক কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশের ইতিহাসে ট্রাভেল পার্টনারদের নিয়ে এ ধরনের সম্মেলন এই প্রথম। বাংলাদেশের পর্যটন বিকাশে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রার শুরু থেকেই কাজ করে যাচ্ছে।

১০ মার্চ কক্সবাজারের লংবিচ হোটেল বলরুমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী একেএম শাহজাহান কামাল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার হিজ এক্সিলেন্সি মিস্টার বেনিয়ট প্রিফনটেইন, আটাবের নেতৃবৃন্দ ও  ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

সামিটে উল্লেখযোগ্য অংশের মধ্যে রয়েছে বেস্ট সেলার এ্যাওয়ার্ড, ট্রাভেল ও কর্পোরেট পার্টনারদের সাথে ইউএস-বাংলার দ্বিপাক্ষিক বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে ফানুস ফ্যাস্টিভালসহ আরো অনেক ইভেন্ট। এছাড়া ইউএস-বাংলা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যের ট্রাভেল এজেন্টদের মধ্যে যারা বেস্ট সেলার নির্বাচিত হয়েছে তাদের মধ্যে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরন করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই ৭৬ আসনবিশিষ্ট দুটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, দোহা, মাস্কাট, কাঠমুন্ডু ও কলকাতা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

(এসএএম/ ১২ মার্চ ২০১৮)