Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 05:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে আলমগীর কবির নামে সদর মডেল থানার এক উপপরিদর্শকের পিস্তল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ওই পুলিশের উপপরিদর্শকে।

শনিবার দুপুরে শহরের সাটিরপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তার জন্য সরকারিভাবে বরাদ্দকৃত নাইন এম.এম. পিস্তলটি চুরি হয়। এই ঘটনায়  রোববার বিকেলে নরসিংদী মডেল থানায় উপপরিদর্শক আলমগীর কবির বাদী হয়ে একটি মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের সাটিরপাড়ার ভাড়া বাসা থেকে শনিবার সকাল ১০টার দিকে ভুলে পিস্তল না নিয়েই নরসিংদী মডেল থানায় ডিউটিতে আসেন উপপরিদর্শক আলমগীর কবির। আগেরদিন রাতে বাসায় ফিরে তার জন্য সরকারীভাবে বরাদ্দ নাইন এম.এম. পিস্তলটি স্টিলের ফাইল কেবিনেটের ড্রয়ারে লক করে রেখেছিলেন তিনি। দুপুর ৩ টার দিকে বাসায় ফিরে দেখেন, কে বা কারা দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে কৌশলে সেই ড্রয়ার খুলে ১০ রাউন্ড গুলি ম্যাগজিনসহ পিস্তলটি নিয়ে গেছে। সেসময় ড্রয়ারে রাখা ১৭ হাজার টাকাও নিয়ে গেছে তারা। বিভিন্ন কৌশলে খোঁজখবর না পেয়ে  রোববার বিকেলে নিজেই বাদী হয়ে মামলা করেন তিনি।

এই ব্যাপারে নরসিংদী মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) মো. মোজাফফর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে উপপরিদর্শক আলমগীর কবির ডিউটিতে চলে আসার পর সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। পিস্তলটি উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানতে পেরে কর্তব্যেও অবহেলার কারণে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

(এসএইচআর/এসএএম/ ১২ মার্চ ২০১৮)