Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 01:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশে ওষুধ উৎপাদন বৃদ্ধি, উৎপাদিত ওষুধের গুণগত মানোন্নয়ন এবং এ খাতে রফতানি বাড়ানোর লক্ষ্যে যৌথ অংশীদারিত্বে কাজ করতে সম্মত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও বাংলাদেশ সোসাইটি ফর ফার্মাসিউটিক্যাল প্রফেশনালস (বিএসপিপি)। এ লক্ষ্যে গতকাল উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্র উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করেন এনপিওর পরিচালক এসএম আশরাফুজ্জামান ও বিএসপিপির সভাপতি অধ্যাপক ইশতিয়াক মাহমুদ। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএসপিপির কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ওষুধ শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়াতে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এনপিও ও বিএসপিপির যৌথ উদ্যোগে প্রতি বছর কমপক্ষে দুটি টেকনিক্যাল এক্সপার্ট সার্ভিস প্রোগ্রামের (টিইসি) আয়োজন করা হবে। এ প্রশিক্ষণের ব্যয়ভার বিএসপিপি বহন করবে।

এছাড়া দেশে বিদ্যমান ওষুধ শিল্প কারখানাগুলোর উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে বিএসপিপি কেন্দ্রীয়ভাবে প্রতি বছর ন্যূনতম দুটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে। এসব কর্মশালায় এনপিও প্রয়োজনীয় রিসোর্স পারসন পাঠাবে ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠান যৌথভাবে প্রতি বছর ওষুধ শিল্প খাতের উন্নয়নে কমপক্ষে একটি ডেমো প্রকল্প গ্রহণ করবে। এ প্রকল্প প্রণয়নে কারিগরি সহায়তা দেবে এনপিও।

সমঝোতা স্মারকে উল্লেখ রয়েছে, উভয় প্রতিষ্ঠান প্রতি বছর ২ অক্টোবর যৌথভাবে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন করবে। এনপিও প্রতি বছর ন্যাশনাল প্রডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের বিজ্ঞপ্তি যথাসময়ে বিএসপিপির কার্যালয়ে প্রেরণ করবে। সে অনুযায়ী বিএসপিপি সদস্য প্রতিষ্ঠানগুলোকে অবহিত ও আবেদনে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগকে ওষুধ শিল্পের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে অবহিত করেন। তিনি বলেন, ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে শিল্পসহ সব খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশ্বসম্প্রদায় বাংলাদেশের এ গুণগত পরিবর্তনের প্রশংসা করছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের ফলে দেশের ওষুধ শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াস জোরদার হবে।

(এমআইআর/ ১৪ মার্চ ২০১৮)