Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 23:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: টানা তৃতীয়বারের মতো বিশ্বসেরা এনজিওর স্বীকৃতি পেয়েছে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সোমবার এই তালিকা তৈরির কথা জানিয়েছে জেনেভা ভিত্তিক স্বাধীন গণমাধ্যম সংস্থা ‘এনজিও অ্যাডভাইজার’।

উদ্ভাবনশীল পদক্ষেপ, জবাবদিহিমূলক সাংগঠনিক শৃঙ্খলা এবং কর্মকাণ্ডের প্রভাব ও কার্যকর পরিচালনা পদ্ধতির ওপর গবেষণা করে প্রতিবছর বিশ্বের পাঁচ শ অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে এনজিও অ্যাডভাইজার।

ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, ২০১৬ ও ২০১৭ সালের পর চলতি বছরেও এ তালিকায় শীর্ষস্থানটি ধরে রাখল প্রতিষ্ঠানটি। ২০১২ সালে প্রবর্তিত এই স্বীকৃতির তালিকায় চারবারই প্রথম হয়েছে ব্র্যাক। ব্যয়সাশ্রয়ী উপায়ে দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং সংঘাতপূর্ণ ও দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দৃষ্টান্তমূলক কর্মসূচি পরিচালনা করে সংস্থাটি সারা বিশ্বে সমাদৃত।

এ প্রসঙ্গে ‘এনজিও অ্যাডভাইজার’-এর প্রধান সম্পাদক জিন ক্রিস্টফ নথিয়াস বলেন, বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সৃজনশীল, ব্যয়সাশ্রয়ী ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে ব্র্যাক তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে।

এই স্বীকৃতি অর্জন সম্পর্কে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘টানা তৃতীয়বার শীর্ষস্থান ধরে রাখতে পেরে আমরা গর্বিত। এই সম্মানের অংশীদার আমাদের প্রতিটি কর্মী, যাঁরা সব কাজে ব্র্যাকের মূল্যবোধ,Ñসততা ও নিষ্ঠা, সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাব, সর্বজনীনতা এবং কার্যকারিতার প্রতিফলন ঘটিয়ে চলেছেন। পাশাপাশি এই সম্মান বিশ্বব্যাপী আমাদের কর্মসূচিগুলোর আওতায় থাকা ১১ কোটির বেশি মানুষের, যাঁরা নিজেদের জীবনের রূপান্তর ঘটিয়ে চলেছেন। তাঁদের সহিষ্ণুতা ও প্রাণশক্তি আমাদের সর্বদা অনুপ্রাণিত করে এবং একটি ন্যায় ও সাম্যের পৃথিবী গড়ার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যেতে আমাদের শক্তি জোগায়।’

১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১১টি দেশে মাইক্রোফাইন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচি পরিচালনা করে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এ সংস্থাটি। বাংলাদেশে সংস্থাটির বাজেটের ৭৫ শতাংশই আসে নিজস্ব বাণিজ্য উদ্যোগ থেকে। বিশ্বের ১১টি দেশে ব্র্যাকের কর্মকাণ্ডে বছরে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি ব্যয় হয়।

(এএইচএন/ ২৬ মার্চ ২০১৮)