
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে চাঞ্চল্যকর ব্যবসায়ী গোলাপ হোসেন হত্যা মামলায় ৬ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এসময় প্রত্যেক আসামীকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (১৬ এপ্রিল) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.কে.এম মোজাম্মেল হক চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নরসিংদী সদর উপজেলার কুড়েরপাড় এলাকার আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, ফিরোজ মিয়া, জিলহজ্ব ওরফে জুহাস, আতাউর রহমান ও আকবর আলী। এদের মধ্যে মোশারফ হোসেন ও ফিরোজ মিয়া পলাতক এবং আতাউর রহমান জামিনে থাকাবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এম.এন অলিউল্লাহ জানান, ২০০৩ সালের ২১ জানুয়ারি সদর উপজেলার কুড়েরপাড় গ্রামের ব্যবসায়ী গোলাপ হোসেন পাঁচদোনা বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরে ২৪ জানুয়ারি কুড়েরপাড় এলাকার ব্রহ্মপুত্র নদে কাদামাটিতে লুকিয়ে রাখা অবস্থায় তার ১০ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় পুলিশ আসামীদের গ্রেপ্তার করলে এক আসামী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দেয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ৭ জনের নাম উল্লেখ পূর্বক আদালতে চার্জসীট দাখিল করে।
উক্ত মামলায় বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানীতে মোট ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে স্বাক্ষ্য প্রমানে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্থ হওয়ায় ৬ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং মোস্তাফিজুর রহমান নামে অপর একজনকে খালাস প্রদান করেন।
(এসএইচআর/এসএএম/ ১৭ এপ্রিল ২০১৮)