
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকাঃ শুল্কমুক্তভাবে অগ্নি নির্বাপক যন্ত্রের আমদানির দাবি জানিয়েছেন গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর সভাপতি আব্দুল কাদের।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো এক চিঠিতে তিনি বলেন, বিজিএপিএমইএর আওতায় অনেকগুলো রপ্তানিমুখী শিল্প রয়েছে। যারা প্রি-ফ্যাব্রিক বিল্ডিং সরঞ্জামাদি দ্বারা কারখানা ভবন তৈরি করছে। এসব কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন সংস্থা চাপ সৃষ্টি করছে। তাই এ কারখানাগুলোকে নিরাপদ, ঝুঁকিমুক্ত, কমপ্লায়েন্ট ও পরিবেশবান্ধব করতে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি প্রয়োজন।
বিজিএপিএমইএ সভাপতি আরও বলেন, অগ্নি নির্বাপক যন্ত্রপাতির মধ্যে অন্যতম হচ্ছে, ফায়ার প্রুফ পেইন্ট ফর প্রি ফ্যাব্রিক বিল্ডিং (এইচএস কোড: ৩২০৮.৯০.২০)। এই যন্ত্রটির আমদানি শুল্ক অনেক বেশি হওয়ার কারণে আমদানি করা ব্যয়বহুল হয়ে পড়েছে। প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিংয়ে ফায়ার প্রুফ পেইন্ট না করার কারণে ফায়ার লাইসেন্স প্রদান করছে না ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এতে অনেক রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রমে যেতে পারছে না।
শুল্কমুক্তভাবে ফায়ার প্রুফ পেইন্ট ফর প্রি ফ্যাব্রিক বিল্ডিং (এইচএস কোড: ৩২০৮.৯০.২০) আমদানির অনুমতি চেয়ে আবদুর কাদের বলেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বন্ডের আওতায় পরিচালিত যে সব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান প্রি-ফ্যাব্রিক বিল্ডিং সরঞ্জামাদি দ্বারা কারখানা ভবন তৈরি করছে- তাদেরকে এই অনুমতি দেওয়া প্রয়োজন।
বিজিএপিএমইএ জানায়, চলতি ২০১৬-১৭ সালের ঘোষিত বাজেটে এস.আর.ও. নং-১৬০-আইন/২০১৬/২২/কাস্টমস তাং -০২-০৬-২০১৬ অনুযায়ী অগ্নিরোধক দরজাসহ এ জাতীয় বেশকিছু পণ্যের শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি প্রদান করা হয়েছে।
(আরকে/ এসএএম/২৬ মার্চ ২০১৭)