
প্রতিবিদেক, বিনিয়োগবার্তা, ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিকে আরও সফল, সুন্দর ও স্বচ্ছ করতে ৬ দিন ব্যাপি এক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এলিজিবল ইনভেস্টরদের দ্বারা আইপিও’র সঠিক মূল্যায়ন ও সঠিক অফার প্রাইস ঠিক করতে বুক বিল্ডিং পদ্ধতির প্রক্রিয়া ও আচরণ বিধি নিয়ে ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগ ও আইসিটি বিভাগে যৌথ উদ্যোগে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়৷
গতকাল রবিবার (২২ এপ্রিল, ২০১৮) এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান৷
উদ্বোধনকালে তিনি বলেন, আইপিও এর দুটো পদ্ধতির মধ্যে বুক বিল্ডিং পদ্ধতি অধিক শ্রেয়৷ প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রায় আট শত এলিজিবল ইনভেস্টর আছেন৷ বাজারে আসা নতুন সিকিউরিটিজ সম্পর্কে অবগত করে, এর সঠিক বিডিং পদ্ধতি এবং বিডিং এ প্রতিযোগিতা লজিক্যাল পর্যায়ে রাখার বিষয়ে সম্যক ধারণা প্রদান করতে আজকের এই আয়োজন। আইপিও বিডিং এ সঠিক পদ্ধতি অনুসরণ করতে উদ্বুদ্ধ করাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য।
তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫ এর অধীনে ২০ ফেব্রুয়ারী ২০১৮ তারিখের নির্দেশনা অনুযায়ী পাবলিক ইস্যুর জন্য এই প্রশিক্ষন। এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান প্রশিক্ষণার্থীগন বিনিয়োগকারীগনের কাছে সঠিকভাবে পৌঁছালে বাজার আরও গতিশীল ও উন্নত হবে।
পরে লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপক মোঃ জলিলুর রহমান একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আইপিও, আইপিও পদ্ধতি, বিডার, কাট অফ প্রাইস, এলিজিবল ইনভেস্টরদের তালিকা, কাট অফ প্রাইস নির্ধারণ, শেয়ার বন্টন, এলিজিবল ইনভেস্টরদের ফি, লক-ইন, এলিজিবল ইনভেস্টরদের আচরন বিধি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরবর্তীতে আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ ইমাম হোসেন বলেন, ইএসএস সিস্টেম প্রদর্শনের মাধ্যমে এলিজিবল ইনভেস্টরদের আচরন বিধি সহজে পরিপালনের উপায়সমূহ অবহিত করেন।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ট্রেনিং একাডেমির ইনচার্জ এবং উপ-মহাব্যবস্থাপক মিসেস হোসনে আরা পারভিন।
(এসএএম/ ২৩ এপ্রিল ২০১৮)