Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 19:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অস্ট্রেলিয়ার সেরা জ্ঞান আহরণের সুযোগ গ্রহণের জন্য সেদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি (ডব্লিউএসইউ) পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়া একটি প্রিয় গন্তব্যস্থল। প্রায় ২০০ শিক্ষার্থী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) থেকে গ্র্যাজুয়েশনের (উত্তরণ) মাধ্যমে উন্নয়নের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের আরও বেশি মানবিক ক্ষমতা দরকার। অস্ট্রেলিয়া এক্ষেত্রে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দান এবং বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সভাপতি প্রফেসর বার্নি গ্লোভার, শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি বড় অংশ।

শেখ হাসিনা বলেন, ডব্লিউএসইউ বর্তমানে বাংলাদেশ সরকারের বিচার ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে জন্য প্রশিক্ষণ দান কর্মসূচির মাধ্যমে সহায়তা দিচ্ছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য গ্লোবাল সামিট অব উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণকালে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতা কাজে লাগাতে এবং তাদের সহযোগিতা ও অধিকার তুলে ধরতে একটি নতুন বৈশ্বিক জোট গঠনের আহ্বান জানান। নিজেদের ভাগ্য পরিবর্তনে বিশ্বব্যাপী যেসব নারী কাজ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে পুরস্কারটি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

(এসএএম/ ২৮ এপ্রিল ২০১৮)