Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 14:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শীলমান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সৈকতের হত্যাকারীদের গ্রেফতারের দাবি করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার পাঁচদোনা শীলমান্দী এলাকায় এ অবরোধ কর্মসূচী পালন করা হয়। ওই সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হলে আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হত্যাকারী গ্রেফতারের দাবিতে মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের মা জোৎস্না বেগম, নিহতের স্ত্রী ফাহমিদা আক্তার নিশিসহ এলাকার নেতৃস্থানীয়রা।

বক্তব্যে তারা বলেন, ‘নিহত সৈকত প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী ও শীলমান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। দুস্কৃতকারীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। কিন্তু ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রশাসনের নিশ্চুপ ভূমিকা আমাদের উদ্বিগ্ন করে তুলছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এসময় আগামী ১ সপ্তাহের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

(এসএইচআর/এসএএম/ ২৮ এপ্রিল ২০১৮)