Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 16:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গার আবাসন ও জ্বালানী প্রয়োজন মেটাতে গিয়ে ২০১৯ সালে উজাড় হবে কক্সবাজারের বনাঞ্চল। স্থানীয় বন ও ঝোপঝাড় থেকে প্রতিদিন এ লক্ষ্যে সংগ্রহ হচ্ছে ৭০০ টন জ্বালানি কাঠ।

জাতিসংঘের ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)এমনই আশংকা করছে।

আইএসসিজির জ্বালানি ও পরিবেশ-বিষয়ক টেকনিক্যাল গ্রুপ (ইইটিডব্লিউজি) চলতি সপ্তাহে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কক্সবাজারের বনভূমি, জলাভূমি, কৃষি, প্রাণবৈচিত্র্যসহ পরিবেশ ও প্রতিবেশের নানা ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।

ইইটিডব্লিউজি বলেছে, ক্যাম্প ও আশ্রয়কেন্দ্র নির্মাণে দুই হাজার হেক্টরের বেশি বনভূমি ও কৃষিজমি নষ্ট হয়েছে। জ্বালানির প্রয়োজনে প্রতিদিন উজাড় হচ্ছে চারটি ফুটবল মাঠের সমান পরিসরের বনভূমি। দ্রুত ও ব্যাপক হারে বন উজাড় হওয়ায় জমির জলমগ্নতা আশঙ্কাজনকভাবে কমেছে। এতে মাটির ক্ষয় ও ভূমিধসের পাশাপাশি বেড়েছে জলোচ্ছ্বাসের ঝুঁকি। এছাড়া রান্নার প্রয়োজনে ও বর্জ্য পোড়াতে এখানে-সেখানে আগুন জ্বালানোয় বায়ুদূষণ বাড়ছে নিয়মিত। ১ হাজার ৫০০ হেক্টর এলাকার জীববৈচিত্র্য সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে। হাতি ও অন্যান্য বন্য প্রজাতির গুরুত্বপূর্ণ আবাসভূমিও ধ্বংস হয়ে গেছে।

পরিবেশ ও প্রতিবেশের এ বিপর্যয়ে কক্সবাজারে প্রাকৃতিক সম্পদ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার ভিত্তি পুরোপুরি বিলুপ্ত হতে পারে বলে ইইটিডব্লিউজি আশঙ্কা প্রকাশ করেছে। বিষয়টি ঠেকাতে ত্বরিত পদক্ষেপ জরুরি বলে মনে করছে গ্রুপটি। প্রাকৃতিক পরিবেশ পুনর্নির্মাণের আগে জ্বালানি কাঠ নিয়ে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিযোগিতা নিরসনে বিকল্প জ্বালানি জোগানো জরুরি বলে প্রতিবেদনে জানানো হয়।

ইইটিডব্লিউজি জানিয়েছে, আগামী ১২ মাসে কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় মিলিয়ে মোট এক লাখ পরিবারে এলপিজি চুলা ও সিলিন্ডার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সাহায্য সংস্থাগুলোর একটি জোট এরই মধ্যে কাজটি শুরু করেছে। এছাড়া জ্বালানি কাঠের ওপর চাপ কমাতে উন্নত মানের চুলা, বায়োম্যাস ব্রিকেট ও বায়োগ্যাস বিতরণ করা হবে।

(এসএএম/ ১৯ মে ২০১৮)