
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া আর নরওয়ের পর এবার যুক্তরাজ্যে যাচ্ছে বাংলাদেশের খ্যাতনামা ব্যান্ড দল ‘চিরকুট’। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত ‘বৈশাখী মেলা’য় গান করবে চিরকুট।
আগামী ১ জুলাই টাওয়ার হ্যামলেটসের উইভারস ফিল্ডসে এই ‘বৈশাখী মেলা’ হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ২৮ জুন লন্ডন যাচ্ছেন চিরকুট ব্যান্ডের সদস্যরা।
চিরকুটের অন্যতম সদস্য সুমী বলেন, ‘এর আগে আমরা যেসব দেশে গান করেছি, সেখানে বাঙালির সংখ্যা ছিল হাতে গোনা। কিন্তু এবার লন্ডনে যে অনুষ্ঠানে গান করব, শুনেছি সেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালিরা আসেন। প্রায় লাখো বাংলা ভাষাভাষীর মিলনমেলা হয়। দেশের বাইরে বাঙালিদের এত বড় মিলনমেলায় গান করব, ভাবতেই ভালো লাগছে।’
সুমী আরও বলেন, ‘যুক্তরাজ্যে বড়সংখ্যক বাঙালি জনগোষ্ঠী আছে। যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন তাঁরা। এবার আমরা তাঁদের বাংলা গান শোনানোর সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। যখন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে আমন্ত্রণ পাই, তখন আমরা খুব খুশি হয়েছি।’
টাওয়ার হ্যামলেটসের উইভারস ফিল্ডসে আয়োজিত ‘বৈশাখী মেলা’য় দেড় থেকে দুই ঘণ্টা গান গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন চিরকুটের সদস্যরা। সুমী বলেন, ‘দেশের বাইরে সব অনুষ্ঠানেই গান গেয়ে চিরকুট প্রশংসিত হয়েছে। আশা করছি, এবারও তেমনি ভালো কিছু হবে।’
এবার লন্ডনে শুধু এই একটি অনুষ্ঠানেই গান করবে চিরকুট। সুমী জানান, যেহেতু টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আমন্ত্রণ, তাই এর বাইরে ওখানে অন্য কোনো অনুষ্ঠানে গান করবে না চিরকুট। এই আয়োজনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে আরও যাচ্ছেন আশিক। থাকছেন স্থানীয় শিল্পীরাও।
(এমআইআর/ ১৯ জুন ২০১৮)