Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 09:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সময়ের সঙ্গে তালমিলিয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘স্কুল ব্যাংকিং’। হিসাবধারীর সঙ্গে বাড়ছে খুদে শিক্ষার্থীদের সঞ্চয়ের পরিমাণও। এরই ধারাবাহিকতায় স্কুল ব্যাংকিংয়ের আওতায় শিক্ষার্থীরা ব্যাংক হিসাব খুলেছে ১৪ লাখ ৬১ হাজর ৮৬০টি। এসব হিসাবে জমা হয়েছে এক হাজার ৪৪১ কোটি ৭৫ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মার্চ ২০১৮ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাসে উৎসাহিত করতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে। মাত্র ১০০ টাকা জমা করে নিজের নামে হিসাব খুলতে পারছেন শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছে, তেমনি বাণিজ্যিক ব্যাংকেরও আমানতের পাল্লাও ভারি হচ্ছে। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে সঞ্চিত টাকা বিনিয়োগ হয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।

এদিকে স্কুল ব্যাংকিংয়ে সরকারি ব্যাংকগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বেসরকারি ব্যাংক। এ ছাড়া গ্রামের তুলনায় শহরাঞ্চলের শিক্ষার্থীদের এ কার্যক্রমে আগ্রহ বেশি।

স্কুল ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, গত মার্চ পর্যন্ত খোলা ১৪ লাখ ৬১ হাজার ৮০৬টি স্কুল ব্যাংকিং হিসাবের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোতে খোলা হয়েছে ৯ লাখ ৯৩৬টি। যা মোট স্কুল ব্যাংকিং হিসাবের ৬১ দশমিক ৬৩ শতাংশ। এসব হিসাবের বিপরীতে প্রায় এক হাজার ২৩০ কোটি টাকা আমানত রাখা আছে। যা এ খাতের মোট আমানতের ৮৫ দশমিক ৩০ শতাংশ। যেখানে স্কুল ব্যাংকিংয়ের আওতায় খোলা সবগুলো হিসাবে জমা আছে এক হাজার ৪৪১ কোটি ৭৫ লাখ টাকা।

অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে ২৯.২৮ শতাংশ স্কুল ব্যাংকিং হিসাব খোলা হলেও ওই হিসাবগুলোতে আমানতের স্থিতি ১১ দশমিক ৮৯ শতাংশ। এ ছাড়া স্কুল ব্যাংকিংয়ের আওতায় খোলা হিসাব সংখ্যার দিক দিয়ে শহরাঞ্চলে ৬১ দশমিক ৩৩ শতাংশ এবং জমাকৃত আমানত ৭৬ দশমিক ২০ শতাংশ। আবার মোট হিসাবগুলোর মধ্যে ছাত্রদের হিসাব সংখ্যা ৫৮ শতাংশ এবং জমাকৃত অর্থের দিক দিয়ে ছাত্রদের আমানত ৫৪ দশমিক ৭৪ শতাংশ।

জানা গেছে, কার্যরত ৫৭টি তফসিলি ব্যাংকের মধ্যে মোট ৫৬টি ব্যাংকই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। হিসাব সংখ্যার দিক দিয়ে স্কুল ব্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এ ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব রয়েছে দুই লাখ ৩৯ হাজার ৮৪১টি। যা মোট স্কুল ব্যাংকিং হিসাবের ১৬ দশমিক ৪১ শতাংশ। তবে জমাকৃত অর্থের দিক দিয়ে শীর্ষে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। এ ব্যাংকে খোলা স্কুল ব্যাংকিং হিসাবগুলোতে মোট ৪১২ কোটি টাকা জমা আছে যা এ খাতের মোট আমানতের ২৮ দশমিক ৬০ শতাংশ।

(এসএএম/ ২০ জুন ২০১৮)