Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 16:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ম্যাচের শুরু থেকে ফেভারিটের মতোই দুর্দান্ত দাপটের সঙ্গে খেলছিল ব্রাজিল। কোস্টারিকার ডিবক্সে চলছিল একের পর এক হামলা। কিন্তু কাজের কাজ হচ্ছিল না। গোলের দেখা পাচ্ছিল না পাঁচবারের চ্যাম্পিয়নরা। ভক্ত-সমর্থকদের ভেতর ততক্ষণে আশংকা প্রবল হয়ে উঠেছে। দ্বিতীয়র্ধের শেষভাগে সেই আশংকার অবসান ঘটল। কৌতিননহো আর নেইমারের গোলে জয় তুলে নিল ব্রাজিল।

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ব্রাজিলের হাতে থাকলেও মাঝেমধ্যে আচমকা আক্রমণে উঠে এসেছে কোস্টারিক। আর প্রথম সুযোগটিও তারাই পেয়েছিল। খেলার ত্রয়োদশ মিনিটে ডান দিক থেকে ক্রিস্তিয়ান গামবোয়ার কাটব্যাকে ডি-বক্স থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ফাঁকায় থাকা সেলসো বোর্হেস।

ব্রাজিলের প্রথম সুযোগটা পান নেইমার ২৭তম মিনিটে। ডি-বক্সে বল পেয়ে পিএসজির এই ফরোয়ার্ড নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এগিয়ে এসে বাধা দেন গোলরক্ষক কেইলর নাভাস।

৪১তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেছিলেন মার্সেলো, তবে নাভাসকে ফাঁকি দিতে পারেননি।

দ্বিতীয়র্ধে কোস্টারিকাকে আরও চেপে ধরে ব্রাজিল। প্রচণ্ড চাপে কিছুটা এলোমেলো হয়ে যায় তারা। তাতে বেশ কয়েকটা সুযোগ চলে আসে। পাঁচ মিনিটের মাথায় ডান দিক থেকে ফাগনারের ক্রসে গাব্রিয়েল জেসুসের হেডে বল ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পরে কৌতিনহোর একটি জোরালো শট গোলের মুখে থেকে ফেরে এক ডিফেন্ডারের পায়ে লেগে।

৫৬তম মিনিটে নেইমারের খুব কাছ থেকে নেওয়া শটে গ্লাভস লাগিয়ে ক্রসবারের উপর দিয়ে পাঠান নাভাস। একটু পর কৌতিনিয়োর জোরালো শট কোনোমতে আয়ত্তে নেন তিনি।

৭২তম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে গিয়েছিলেন নেইমার। কোস্টারিকার গোলকিপার নাভাসও ছিলেন গোল থেকে একটু বেরিয়ে। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। জার্সিতে মুখ ঢাকেন হতাশায়।

খেলার ৭৮ মিনিটে দারুণ নাটক করে ধরা পড়ে যান নেইমার। বক্সে কোস্টারিকার ডিফেন্ডার গঞ্জালেজের সাদামাটা ট্যাকলে নেইমার পড়ে যান। রেফারি সাদা চোখে ধরতে পারেননি ব্রাজিলীয় তারকার এই অভিনয়। হল্যান্ডের রেফারি কুইপার্স বিয়ন পেনাল্টির বাঁশি বাজান। কোস্টারিকার খেলোয়াড়রা এর তীব্র প্রতিবাদ জানিয়ে রেফারিকে ভিএআরের সহায়তা নেওয়ার অনুরোধ জানান ভিডিওতে ধরা পড়ে, নেইমার অনেকটা ইচ্ছা করে পড়ে গেছেন। এতে সিদ্ধান্ত বদল করেন রেফারি।

দ্বিতীয়র্ধের খেলাও গোলশুন্যভাবে শেষ হয়। তবে ৯০ মিনিট ব্রাজিলকে কোস্টারিকা কোনোমতে ঠেকিয়ে রাখলেও শেষরক্ষা হয়নি। ইনজুরি টাইমের প্রথম মিনিটে ফিরমিনোর হেড ডি-বক্সে পা দিয়ে নামিয়েছিলেন জেসুস। এগিয়ে এসে নিচু শটে নাভাসকে ফাঁকি দেন বার্সেলোনার মিডফিল্ডার কৌতিনিয়ো। সপ্তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পান এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার।

(এসএএম/ ২৩ জুন ২০১৮)