Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 16:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ জুলাই দিন ধার্য করা হয়েছে।

এ ছাড়া একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা অপর এক মামলায় রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানির জন্য আগামীকাল, ২৫ জুন দিন ঠিক করা হয়েছে।

রবিবার (২৪ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

গত ৩১ মে দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ ২৪ জুন পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

এর আগে গত ২০ মে কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২১ মে দুটি আবেদন শুনানির জন্য আদালতের কার্যতালিকায় আসে। এ দুই আবেদন শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির সময় চান। আদালত দুই আবেদনের শুনানির জন্য ২২ মে আড়াইটায় সময় নির্ধারণ করেন। কিন্তু ওই দিন এক মামলায় খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শুনানি অসমাপ্ত থাকার পর তা ২৩ মে পর্যন্ত মুলতবি করা হয়।

পরে শুনানি আবারো ২৪ মে পর্যন্ত মুলতবি করেন আদালত। এরপর রবিবার তিনটি মামলায় উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

(এমআইআর/ ২৪ জুন ২০১৮)