Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 04:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালু করেছে ‘বিমান হলিডেজ’ উইং নামে এক নতুন কর্মসূচি।

সম্প্রতি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ বিমান প্রধান কার্যালয় বলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় বিমানের মার্কেটিং অ্যান্ড সেলস শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী আহসান, জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোসাদ্দিক আহমেদ জানান, ‘বিমান হলিডেজ কর্মসূচির আওতায় সম্মানিত যাত্রীরা এখন থেকে বিমানের নির্ধারিত গন্তব্যের বাইরেও বিশ্বের আরও ৯৬টি গন্তব্যে ভ্রমণ সুবিধা পাবেন। এর মাধ্যমে বিমান তার সেবাকে নতুন দিগন্তে ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশ পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার লক্ষ্যে ‘বিমান হলিডেজ’ বিশ্বের বিভিন্ন দেশের ‘ভ্রমণ মেলায়’ অংশগ্রহণ করবে। এর মাধ্যমে বিমানের পাশাপাশি বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ডিং করা হবে।

প্রসঙ্গত, ‘বিমান হলিডেজ প্রোগ্রামের আওতায় যাত্রীরা টিকিট ক্রয়ের পর চাহিদা অনুযায়ী তার বাসা হতে এয়ারপোর্ট পর্যন্ত ‘পিক আপ অ্যান্ড ড্রপ’ সুবিধা পাবেন। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনের সঙ্গেসঙ্গে সম্মানিত যাত্রীরা ডেডিকেটেড স্টাফ দ্বারা ‘মিট অ্যান্ড অ্যাসিস্টটেন্স’ সার্ভিস পাবেন। এই হলিডে প্রোগ্রামের আওতায় এয়ারপোর্ট হলিডে লাউঞ্জ ফুড এবং বেভারেজ সুবিধা পাবেন। এ ছাড়া যাত্রীরা সব দেশের ভিসা প্রসেসিং সহায়তা পাবেন।

নানা রকম অভিনব সুযোগ-সুবিধা দিয়ে বিমান হলিডে প্যাকেজ ডালি সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় একা ভ্রমণকারী শিশু এবং বৃদ্ধদের বিশেষ সহায়তা সুবিধা দেয়া হবে। এ ছাড়াও যাত্রীরা ওয়ান স্টপ সার্ভিস হিসেবে সিম কার্ড, টপ-আপ সুবিধা, ব্যাগেজ লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাসিস্টেন্স পাবেন। ভারত, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিখ্যাত হাসপাতালগুলোতে বিমান হলিডের আওতায় যাত্রীরা বিশেষ ছাড় পাবেন। এর আরেকটি আকর্ষণীয় সুবিধা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের তিন লাখ ৫০ হাজারসহ বাংলাদেশের সব হোটেলে সর্বনিম্ন মূল্যে বুকিং সুবিধা। বিমান হলিডেজে সব টিকিট ও হলিডে প্যাকেজ রয়েছে মাসিক কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা একজন যাত্রী মাত্র ৯৯৯ টাকায় প্যাকেজ বুক করতে পারবেন। যা ফেরতযোগ্য।

উল্লেখ্য, দেশের ছয়টি প্রথম সারির ব্যাংক মাসিক কিস্তিতে টিকিট ও হলিডেজ প্যাকেজ কেনার সুবিধা প্রদান করবে। বিমান হলিডেজ সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিজিট অথবা টেলিফোনে হটলাইন নম্বরে ০১৯৮৮ ১৮৮১৮৮ যোগযোগ করতে যাত্রীদেরকে অনুরোধ জানিয়েছে বিমান।

(এসএএম/ ৩০ মার্চ ২০১৭)