
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: অনেকটা অভিমানি মন নিয়ে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক নরসিংদী ফুটবল জগতের প্রাণ পুরুষ আব্দুল গফুর ভূঁইয়া।
শুক্রবার বেলা ১২ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতী, নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
বল নিয়ে স্কুটারের মত দ্রুত গতিতে দৌড়াতে পারতেন বলে তার নাম হয়েছি ‘স্কুটার গফুর’। দেশবাসীর কাছে তিনি ফুটবলার স্কুটার গফুর হিসেবেই বেশী পরিচিত ছিলেন। মধ্য বয়সে তিনি ছিলেন ফুটবলার তৈরির কারিগর। গফুরের টিম ও জিআরসি’র মাঠে খেলার সুযোগ পাওয়া ছিল কোন খেলোয়ারের জীবনে অনন্য এক সম্মানের ব্যাপার।
খেলোয়ারী জীবন শেষে নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়ামই ছিল ফুটবল পাগল এ মানুষটার প্রাণ। তখন ফুটবলারদের পদচারণায় মুখরিত ছিল এ স্টেডিয়াম। ফুটবল ছাড়া কিছুই বুঝতেন না তিনি। বুঝতেন না নোংড়া রাজনীতিও। আর সেই রাজনীতিই এই অভিজ্ঞ পেশাদার ফুটবলারকে জেলা ক্রীড়া সংস্থা থেকে রীতিমত টেনে হ্যাচড়ে বের করে দেয়। এরপর থেকেই তিনি একেবারে ঘরমূখী। অভিমানে আর কখনো স্টেডিয়ামে ফিরে আসেননি এই কিংবদন্তী। কিন্তু এরপর কেউ তাকে আর স্টেডিয়ামে ফিরিয়ে নেয়ারও কোন উদ্যোগও নেননি। এ কষ্ট ও বেদনা নিয়েই শেষপর্যন্ত বিদায় নিত হলো নরসিংদীর সর্বকালের সেরা এই ফুটবলারকে।
প্রিয় গুরুর মৃত্যু খবর পেয়ে তার বাড়ীতে দলবেধে ছুটে আসেন তার শিষ্যরা। এদিকে ফুটবলার গফুরের মৃত্যুও সংবাদে তাকে এক নজর দেখার জন্য তার বাড়ীতে ভিড় জমান অনেক নামকরা ফুটবলার ও ক্রীড়া সংগঠকগণ।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা ক্রিড়া সংস্থার সভাপতি নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
শুক্রবার বাদ মাগরিব দগরিয়া ঈদগা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়।
(এসএইচআর/এসএএম/ ০৭ জুলাই ২০১৮)