Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 16:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কখনোই বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে পারেনি বাংলাদেশ। তারপরও প্রতি চার বছর পরপর এমন উন্মাদনায় মেতে ওঠে বাংলাদেশ।

বাংলাদেশের মানুষের এই বিশ্বকাপ উন্মাদনা দেখে স্বয়ং ফিফা বলছে, ফুটবলের সবচেয়ে প্যাশনেট ভক্তদের একটা অংশের বাস এই বাংলাদেশে।

তবে এবার শুধু এশিয়া নয়, পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসা দেখানোর ব্যবস্থা করলো ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে পোস্ট করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৫টার দিকে বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের তিনটি ছবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার একটি ছবি পোস্ট করে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামক পেজটি, যেটি ফিফার অফিশিয়াল ফেসবুক পেজ হিসেবে পরিচিত। ইতোমধ্যে কমেন্ট বক্সে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তায় সয়লাব পুরো পোস্টটি।

ছবিগুলোর ক্যাপশনে ফিফা লিখেছে, বিশ্বকাপে কখনোই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে। শেয়ার করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একটি শিশুর হাতে বিশ্বকাপ ট্রফি। তাকে কাঁধে নিয়ে আছেন কেউ। আর চারদিকে উল্লাস চলছে।

দ্বিতীয় ছবিতে দেয়ালে বিশ্বকাপ উপলক্ষে চিত্রকর্ম। যার সামনে ব্রাজিলের জার্সি গায়ে একটি শিশু। তৃতীয় ছবিতে কোনও গলিতে আর্জেন্টাইন এক ভক্ত ফুটবল নিয়ে করছে ড্রিবলিং। চতুর্থ ছবিতে কোনও স্থানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, যা ঘিরে অগণিত মানুষ।

বিশ্বকাপ শুরু হলেই বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা যে কোনও কিছুকেই ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে যা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে বিশ্ব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসির অফিশিয়াল পেজেও বাংলাদেশের মানুষের উন্মাদনা ফুটে উঠেছিল।

(এমআইআর/ ৯ জুলাই ২০১৮)