
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী অনশন পালন করেছে নরসিংদী জেলা বিএনপি।
জেলা বিএনপির উদ্যোগে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতীক অনশন চলাকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব:) জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ সভাপতি সাবেক সংসদ সদস্য রোকেয়া আহম্মদ লাকী, যুগ্ম সম্পাদক হারুণ অর রশিদ, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার সমালোচনা করে বক্তারা বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। তাকে নি:শর্তভাবে মুক্তি দিতে হবে। আগামী নির্বাচনে তার নেতৃত্বেই অংশ নিবে বিএনপি।
(এসএইচআর/এসএএম/ ১০ জুলাই ২০১৮)