Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 20:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবিতে নরসিংদীতে বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে ঢাকা-সিলেট মহাসড়ক অচল হয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের প্রায় ২০টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে জেলাখানা মোড়ে এসে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং সড়কের দু’পাশে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে।

এ সময় নিরাপদ সড়ক চাই ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগানে শ্লোগানে মুখোরিত হয়ে উঠে জেলখানা মোড়ের আশপাশ।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখেন। পুলিশ, ফায়ার সার্ভিসের গাড়িকেও লাইসেন্স দেখাতে বাধ্য করে শিক্ষার্থীরা। এ সময় গাড়ির বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় অন্তত ১০টি মোটরসাইকেল আটক করে তারা। পড়ে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

মহাসড়ক অবরোধের খবরে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল- মামুন ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিক্ষার্থীদের মহাসড়ক ছেড়ে ঘরে ফিরে যাবার আহবান জানান।

এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বিশেষ করে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়। অনেক যাত্রীকে ইটাখোলায় বাস থেকে নেমে পায়ে হেঁটে বিকল্প পথে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চলাচল করতে দেখা যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৫টা) ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও লাইসেন্স চেক অব্যাহত রয়েছে।

(এসএইচআর/এসএএম/ ০২ আগস্ট ২০১৮)