
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘বিনিয়োগকারীরাই পুঁজিবাজারের মূলশক্তি৷ আর অনুমোদিত প্রতিনিধিরা হলেন তার অন্যতম মাধ্যম৷ অনুমোদিত প্রতিনিধির মাধমেই বিনিয়োগকারীদের পুঁজিবাজারের সাথে সংযোগ ঘটে৷ তাদের মাধ্যমে বিনিয়োগকারীরা বাজার সম্পর্কে জানতে পারে এবং তাদের লেনদেন সম্পন্ন করে৷ আইপিও থেকে শুরু করে পুঁজিবাজারের সকল কর্মকান্ডে বিনিয়োগকারী ও পুঁজিবাজারের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করছে তারা। তাই তাদের কর্মকান্ড ও নৈতিকতা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সফলতা নির্ধারণ করে। আর এজন্য অনুমোদিত প্রতিনিধিদেরকে বাজার নিয়ামক তথা আইন কানুন জানা ও তা প্রয়োগ করা জরুরী।’
রোববার (০৫ আগস্ট, ২০১৮) বিএসইসি’র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন এসব কথা বলেন৷
বিএসইসি এবং ডিএসই যৌথ উদ্যোগে ডিএসই ট্রেকহোল্ডার কোম্পানিজ এর অনুমোদিত প্রতিনিধিদের জন্য পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজার একটি সংবেদনশীল বাজার, যে কোন মন্তব্যই বাজারকে প্রভাবিত করে। আইন কানুন সম্পর্কে আরও স্পষ্টভাবে অবগত করতে ভবিষ্যতে অনুমোদিত প্রতিনিধিদের জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করবে বিএসইসি। বিনিয়োগকারীগণ বাজারের মূল শক্তি হলেও তাদেরকে গাইড করার দায়িত্ব অনুমোদিত প্রতিনিধিদের। বিনিয়োগকারীগণ পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় অবদান রাখছে আর তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া অনুমোধিত প্রতিনিধিগণের দেশপ্রেমের প্রকৃষ্ট উদাহরণ।
পরে তিনি সকলের সাফল্য কামনা করে এই প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্ভোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা, এফসিএমএ, খন্দকার কামালুজ্জামান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান।
বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা এফসিএমএ বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০০০ সালে স্টক ডিলার/স্টক ব্রোকার সংক্রান্ত একটি বিধি-বিধান প্রণয়ন করে। ২০০৪ সালে অনুমোদিত প্রতিনিধিদের সেখানে অন্তর্ভূক্ত করা হয়। এই মার্কেটের শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত মূল যে কর্মকান্ড তা অনুমোদিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়৷ ডিএসই’র নতুন অর্ডার ম্যানেজমেন্ট সিসে্টম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে টেলিফোনে প্রাপ্ত অর্ডার এক্সিকিউশন করা এবং তা করতে খালি ফর্মে বিনিয়োগকারীদের স্বাক্ষর নেয়া ইত্যাদি অনিয়ম অনুমোদিত প্রতিনিধিদের নৈতিকতাকে প্রশ্নের সম্মুখিন করে। লেনদেন পরবর্তী বিনিয়োগকারীদেরকে অবগত করার জন্য স্বংয়ক্রিয় তাত্ক্ষনিক এসএমএস সার্ভিসের ব্যবস্থা অনিয়মকারী সনাক্ত করার সুন্দর পদ্ধতি। সকল অনিয়ম থেকে বিরত থাকার জন্য আইন কানুনগুলো সম্পর্কে বিশদভাবে অবগত থাকতে হবে। এছাড়াও অনুমোদিত প্রতিনিধিদের রেজিস্ট্রেশন নবায়ন না করে কখনই লেনদেন করা যাবে না। এজন্য অনুমোদিত প্রতিনিধিদের নৈতিকভাবে দৃঢ় এবং দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে৷ আন্তরিকভাবে লেনদেন পরিচালনা করলে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হবে।
বিএসইসির কমিশনার খন্দকার কামালুজ্জামান বলেন, পুঁজিবাজারে সবকিছু আইনের ভিত্তিতে পরিচালিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সকলেই যেন নিয়ম শৃঙ্খলার মধ্যে দায়িত্ব পালন করে৷ কমিশন যে আইন বিধি বিধান দিয়ে পরিচালিত হয় সেই সংশ্লিষ্ট বিধি বিধান সম্পর্কে জেনে বুঝে কার্যক্রম পরিচালনা করতে হবে। আইনের আলোকে যত বেশি নিজেদের পরিচালনা করা যায় সেবা গ্রহণকারীরা ততবেশী উপকৃত হয়। বিএসইসি সাধারণ বিনিয়োগকারীদের লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। আর এই বিষয়ে যে সকল বাধা আসবে সেগুলো কিভাবে অতিক্রম করা যায় সে দিকনির্দেশনা এই প্রশিক্ষণ কর্মশালায় থাকবে।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেন, একজন অনুমোদিত প্রতিনিধি একটি ব্রোকার হাউজের চালিকাশক্তি। যারা অনুমোদিত প্রতিনিধি হিসেবে পেশা শুরু করেছেন তাদের ভবিষ্যত যে খুব ভাল তাতে কোন সন্দেহ নেই, কারণ বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান যে অবস্থা, তাতে সামনে অগ্রসর হবার যথেষ্ঠ সুযোগ রড়য়েছে৷ তবে সততা ও নিষ্ঠাই এ পেশার সর্বোৎকৃষ্ট মাধ্যম। ব্রোকার হাউজগুলোর সুষ্টু ব্যবস্থাপনা এবং একটি হাউজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব অনুমোদিত প্রতিনিধিগণের। একটি ভুলই প্রতিষ্ঠানের অনেক বড় ক্ষতি হতে পারে৷ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করছে। এর উদ্দেশ্য সচেতন ও শিক্ষিত বিনিয়োগকারী গড়ে তোলা। সবশেষে, ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধিদের জন্য যৌথ উদ্যোগে এ ধরনের কর্মসুচী আয়োজনের জন্য বাংলাদশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সন্মানিত চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন, কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক ধন্যবাদ জানান তিনি৷
(এসএএম/ ০৫ আগস্ট ২০১৮)