
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৮ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সোনাইমুড়িরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সজল (২০), স্নিগ্ধা (৭), প্রান্তিকা (৬), বৃষ্টি (৬)।
নিহত সজল শরীয়তপুর জেলার, স্নিগ্ধা ও প্রান্তিকা নরসিংদী জেলার রায়পুরা উপজেলা এবং বৃষ্টি নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
নরসিংদী ১০০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান হতাহতের সংখ্যা ও নাম পরিচয় নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাইমুড়িরটেক এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারালে রায়পুরা থেকে বিবাহ সম্পন্নের পর বর-কনেকে নিয়ে বরযাত্রীবাহী চাঁদপুরের মতলবগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত যান। বর-কনেসহ আহত হন আরও ১৮ যাত্রী। আহতদের মধ্যে মাইক্রোবাস ছাড়াও কয়েকজন মিতালী পরিবহনের যাত্রী। এঘটনায় মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর পর আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এদিকে আহতদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বর-কনেসহ ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাতে প্রেরণ করে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনায় আক্রান্ত বাস ও মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।
(এসএইচআর/এসএএম/ ১৪ আগস্ট ২০১৮)