
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা-খুলনা-কলকাতা রুটে চালু হচ্ছে নতুন বাস সার্ভিস। এ লক্ষ্যে ভারতের সঙ্গে স্বাক্ষরের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঢাকা-কলকাতা রুটে বেনাপোল হয়ে গাড়ি চলাচল করে। এখানে একটি নতুন প্রস্তাবনা এসেছে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চালু করার জন্য। এ প্রস্তাবটা মন্ত্রিসভা অনুমোদন করেছে।’
তিনি বলেন, ‘এখন যমুনা ব্রিজ, হাটিকুমরুল হয়ে যশোর গিয়ে বাস বেনাপোল যায়। যদি (নতুন রুট অনুযায়ী) বাস মাওয়া হয়ে গোপালগঞ্জ, বাগেরহাট, রূপসা নদী পার হয়ে খুলনা হয়ে যশোর যায়, তাহলে রাস্তাটা কমে যাবে। হিসাব করে দেখা হয়েছে, (নতুন রুটে) দূরত্ব ৯৬ কিলোমিটার কমবে।’
নতুন এ রূটে কবে থেকে কার্যকর হবে-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চুক্তি হবে তারপর চালু হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, তখন দুই দেশ থেকে দুটো গাড়ি রওনা হয়ে যাবে। একটা ঢাকা থেকে, আরেকটা কলকাতা থেকে।’
প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এ চুক্তিটি স্বাক্ষরিত হবে কিনা- জানতে চাইলে শফিউল আলম বলেন, ‘সফরের আগে বা পরে হতে পারে।’
(ইউএম/ ৩ এপ্রিল ২০১৭)