Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 15:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  ছয় দফা দাবিতে নরসিংদীর পলাশ শিল্প এলাকায় ঘোড়াশালস্থ বাংলাদেশ জুট মিলে শ্রমিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কয়েকশ শ্রমিক মিলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, অবিলম্বে পাট ক্রয়ের অর্থ দেওয়ার, সকল বকেয়া সাপ্তাহিক মজুরি, মাসিক বেতন, অবসরকৃত এবং চাকুরিচ্যুত শ্রমিকদের পাওনা পি.এফ, গ্রাইচুটির টাকা প্রদান।

বাংলাদেশ জুটমিলের সিবিএ নন-সিবিএ ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাহেব আলী, আবুল খায়ের, সিবিএ নেতা হারুন অর রশিদ ও নন-সিবিএ নেতা মোতাহার হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন ও পাট কেনার টাকাসহ ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। নতুবা কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।

এসময় বক্তারা আরো বলেন, বিজিএমসি পাট কেনার টাকা না দেয়ার ফলে বর্তমানে মিলে পাট সংকট দেখা দিয়েছে এবং পাট সংকটের জন্য দৈনিক উৎপাদন ৪৫ টন থেকে ১৪ টনে নেমে এসেছে। বাংলাদেশ জুট মিল বিজিএমসির কাছে ৯০ কোটি টাকা পাওনা থাকলেও বিজিএমসি সময় মতো টাকা না দেয়ার ফলে পাট কেনা ও শ্রমিকদের মজুরি দিতে পারছে না মিল কর্তৃপক্ষ। এ জন্য মিলে কর্মরত শ্রমিকদের মাঝে দিন দিন অসন্তোষ বেড়েই চলছে।

এসব ব্যাপারে বাংলাদেশ জুটমিলের মহাব্যবস্থাপক মোঃ গোলাম রব্বানীর সাথে কথা বলতে চাইলে তিনি বিজেএমসির অনুমতি ব্যতীত কথা বলার অপরাগতা প্রকাশ করেন।

(এসএইচআর/এসএএম/ ১০ সেপ্টেম্বর ২০১৮)