Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 15:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে বিডিংয়ে (নিলাম) যোগ্য বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য সম্মতি পত্র পেয়েছে এডিএন টেলিকম লিমিটেড।

গতকাল রোববার দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা  বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে এ সম্মতি পত্র দিয়েছে।

এর আগে কমিশনের ৬৫৫তম নিয়মিত সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছিল।

জানা যায়, পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা সংগ্রহ করবে এডিএন টেলিকম লিমিটেড। উত্তোলিত অর্থ দিয়ে ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও প্রাথমিক গণ প্রস্তাবের খরচে ব্যয় করবে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির এককভাবে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২.৫২ টাকা এবং সমন্বিত ভাবে ২.৩৬ টাকা। ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ১.৮১ টাকা। আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.১৩ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

প্রসঙ্গত, এডিএন টেলিকমের প্রি-আইপিও শেয়ার কিনেছে ভেনগার্ড বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। তারা ১৫ টাকা করে কোম্পানিটির ১৩ লাখ ৩৩ হাজার ৩৩৪টি শেয়ার ২ কোটি টাকা দিয়ে কিনেছে। এডিএনের ৩০ জুন, ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষা হিসাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৬.১১ টাকার ওপর ভিত্তি করে ১৫ টাকা শেয়ার দর নির্ধারণ করেছে ভেনগার্ড বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।

(এমআইআর/এসএএম/ ১০ সেপ্টেম্বর ২০১৮)