
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। আগামী ১২ সেপ্টেম্বর বিএসইসি’র রজতজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর সপ্তাহব্যাপী নানা কর্মসূচি উদযাপন করা হবে। সেমিনার, আলোচনা সভা ও স্মৃতিচারণ, বিএসইসি পরিবারের পূনর্মিলনী, কর্পোরেট গভর্নেন্স বিষয়ক সেমিনার আয়োজনের মধ্য দিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর শেষ হবে কমিশনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র নিজস্ব ভবনে ‘২৫ বছর পূর্তি উদযাপন’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, আনোয়ারুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসইসি’র রজতজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রজতজয়ন্তীতে জাতীয় সংসদের স্পীকার, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যগণ, সিনিয়র সচিবগণ, সচিবগণ, ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যান্য শিক্ষকবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদল, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীজন, তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিবর্গসহ কমিশনের সকল স্তরের কর্মচারী ও তাদের পরিবারসহ আমন্ত্রিত অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান জানান, ১৯৯৩ সনে প্রতিষ্ঠার পর ধীরে ধীরে হলেও কমিশন আজ একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। প্রথম শ্রেণীর নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে (IOSCO ‘A’ Category Regulator) বিএসইসি পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রেগুলেশন ও সুশাসন নিশ্চিত করেছে।
তিনি আরো বলেন, সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানসহ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও স্মৃতিচারণ, বিএসইসি পরিবারের পুনর্মিলনী, কর্পোরেট গভর্নেন্স বিষয়ক সেমিনার এবং অংশজন ডিএসই,সিএসই ও সিডিবিএল ঢাকা ও চট্টগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করেছে।
উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (হল অব ফেইম) উদ্বোধনী অনুষ্ঠান হবে। পরের দিন ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম ক্লাবে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আগামী ১৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫.১৫ টায় গ্রান্ড বল রুম, লা মেরিডিয়ান হোটেলে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। এরপরের দিন ১৬ সেপ্টেম্বর রবিার দুপুর ৩.৩০ টায় সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টি পারপাস হলে বিএসইসি পরিবারের পূনর্মিলনী অনুষ্ঠিত হবে।
আর আগামী ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (হারমনি ও কার্নিভাল) কর্পোরেট গভর্নেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
আর এরই মাধ্যমে সমাপ্ত হবে বিএসইসির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী অনুষ্ঠান।
উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। ১৯৯৩ সালের ৩ মে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ ১৯৯৩ (অধ্যাদেশ নং-৩) নামে একটি অধ্যাদেশ জারী করা হয়। অত:পর জাতীয় সংসদে উক্ত অধ্যাদেশ উত্থাপিত হয়ে পাশ হওয়ার পর ৮ জুন, ১৯৯৩ সনে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয় এবং ঐ দিনই এসইসি (সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন ) প্রতিষ্ঠিত হয়।
এই ২৫ বছরে পুঁজিবাজারের উন্নয়নে নানাবিদ সংস্কার কাজ করে আসছে সংস্থাটি। যার ফলশ্রুতিতে বর্তমান পুঁজিবাজার একটি শক্তিশালী প্লাটফর্মে এসে দাঁড়িয়েছে।
প্রতিষ্ঠার দিনে অর্থাৎ ৮ জুন ১৯৯৩ সালে মোট সিকিউরিটিজ এর সংখ্যা ছিল ১৪৯টি। এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি ছিল ১৩৯টি, মিউচ্যুয়াল ফান্ড ছিল ০৬টি, ডিবেঞ্চার ছিল ০৪টি। এদিন মোট বাজার মূলধন ছিল ১ হাজার ৩০৫ কোটি টাকা। ১৯৯৩ সালের ১৪ নভেম্বর এসইসি আনুষ্ঠানিক কাজ শুরু করে। এদিন তালিকাভুক্ত সিকিউরিটিজ ছিল ১৫১টি। এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল ১৪১টি, মিউচ্যুয়াল ফান্ড ছিল ০৬টি এবং ডিবেঞ্চার ছিল ০৪টি। আনুষ্ঠানিক যাত্রার শুরুতে তখন পুঁজিবাজারের মোট বাজার মূলধন ছিল ১ হাজার ৭৩১ কোটি টাকা।
২০১২ সালের ১০ ডিসেম্বর সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নামকরণ করা হয়।
এদিকে গত ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা দাঁড়ায় ৫৭৪টি। এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানির ছিল ৩০৭টি, মিউচ্যুয়াল ফান্ড ৩৭টি, তালিকাভুক্ত কর্পোরেট বন্ড ০১টি, ডিবেঞ্চার ০৮টি এবং লিস্টেড ট্রেজারী বন্ড ছিল ২২১টি। এদিন মোট বাজার মূলধনের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৯৫ হাজার ৬২৭ কোটি টাকা। অর্থাৎ প্রতিষ্ঠার দিনের তুলনায় বাজার মূলধন প্রায় ২২৮ গুণ বৃদ্ধি পেয়েছে।
প্রসঙ্গত, ৮ই জুন প্রতিষ্ঠিত হলেও এসইসি’র প্রথম চেয়ারম্যান হিসেবে সুলতানুজ্জামান খান যোগদান করেন ৮ জুলাই ১৯৯৩ সালে।
(এসএএম/ ১০ সেপ্টেম্বর ২০১৮)