Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 00:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পোশাক শ্রমিকদের জন্য ৮ হাজার টাকা ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার সচিবালয়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, এই মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে। বর্তমানে ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা। চলতি বছরের ১৪ জানুয়ারি পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার। স্থায়ী চার সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এই মজুরি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মজুরি নির্ধারণ করেছেন।

এর আগে বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি বোর্ডের ৪র্থ বৈঠকে সাংবাদিকদের জানান যেকোনোভাবে ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, জুলাই মাসের ১৬ তারিখে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে ১২ হাজার ২০ টাকা ও মালিকপক্ষ থেকে ৬ হাজার ৩শ টাকা ন্যূনতম মজুরি করার প্রস্তাবনা দেওয়া হয়।

এক্ষেত্রে মজুরি বোর্ডের সদস্যবৃন্দ শ্রমিক ও মালিকদের দাবি সমন্বয় করেন। অদক্ষ শ্রমিকরাও যেন চাকরি না হারায় এবং মালিকপক্ষও যেন সমস্যার সম্মুখীন না হয় সে বিষয়ে নজর দেওয়া হবে বলে জানিয়েছিলেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম। সর্বশেষ সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন দুই পক্ষ।

(এমআইআর/ ১৩ সেপ্টেম্বর ২০১৮)