Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 18:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা রক্ষার্থে বিদ্যমান মিউচ্যুয়াল ফান্ডগুলির মেয়াদ পরবর্তী আরো ১০ (দশ) বছর বৃদ্ধির অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে সেপ্টেম্বর গত ১৬, ২০১৮ইং তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।  ইতিপূর্বে সম্প্রতি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক, বিএসইসি,  আইসিবি এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

আর সরকারের এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারী ও ফান্ড সংশ্লিষ্টরা।

এরআগে বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন  ‘পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন’ বাজারের ভারসাম্য ও তাদের বিনিয়োগ সুরক্ষার্থে  মিউচ্যুয়াল ফান্ডগুলোর মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিএসইসির নিকট স্মারকলিপি প্রদান করে।

সংগঠনটির সভাপতি মোঃ রুহুল আমিন আকন্দ বলেন, “আমরা বাংলাদেশের পুঁজিবাজারের ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে বিদ্যমান মিউচ্যুয়াল ফান্ডগুলোর মেয়াদ বৃদ্ধির ঘোষণাকে জোড়ালো সমর্থন জানাই। এটি  নাহলে শুধু আমাদের মিউচ্যুয়ালফান্ড খাতের বিনিয়োগই নয়; পুঁজিবাজারের অন্যান্য খাতের বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হতো।”

ক্ষুদ্র বিনিয়োগকারী মোঃ লিয়াকত হোসেন তার মতামত ব্যক্ত করে জানান, “সরকারের এই সিদ্ধান্তে আমরা আবারো সঠিক বিনিয়োগের সুযোগ পেলাম। বাজারে মিউচ্যুয়াল ফান্ডের দাম ৫-৬ টাকা হলেও অসুবিধা কি? আমিতো এই ফান্ডগুলো ৫-৬ টাকায় কিনে ১০ টাকার উপর ডিভিডেন্ড পাচ্ছি, যার ডিভিডেন্ড ইল্ড প্রায় ৬% থেকে ৭%। তাহলে কেন আমি ৫ টাকায় কিনবো না। এজন্য মিউচ্যুয়াল ফান্ডগুলোকে দোষারোপ করা ঠিক নয়।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ প্রফেসর ড.  মোঃ হেলালউদ্দিন বলেন, “মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বৃদ্ধির ঘোষণার মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের ভারসাম্য রক্ষায় আবারো সহায়ক ভূমিকা পালন করলেন। বাংলাদেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর খুবই অভাব। সাধারণত মিউচ্যুয়াল ফান্ড ব্যাতীত বাজারে অন্য কোনপ্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকেনা। তাই বাজার ভারসাম্য রক্ষায় মিউচ্যুয়াল ফান্ড এর বিকল্প নেই।”

জনতা ক্যাপিটাল এন্ডইনভেস্টমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দীনা আহসান বলেন, “এই সকল  মিউচ্যুয়াল ফান্ড ২০১০-১১ইং এর মহাধ্বস পরবর্তী পুঁজিবাজারের ভারসাম্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকার পুঁজিবাজারের বর্তমান অবস্থা বিবেচনা করে ফান্ডগুলোর মেয়াদ পরবর্তী ১০ (দশ) বছর বৃদ্ধি করায় বাজার আরো স্থিতিশীল হবে”।

প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল হক বলেন,“বর্তমান বাজারের তারল্য সংকট নিরসনে মিউচ্যুয়াল ফান্ডের এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে মিউচ্যুয়াল ফান্ডগুলো বাজারের ক্রান্তিলগ্নে সাপোর্ট দিয়ে থাকে।”

উল্লেখ্য, পুঁজিবাজারে বর্তমানে প্রায় ৩৭টি মিউচ্যুয়াল ফান্ড রয়েছে; যারা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসাবে বাজারের উন্নয়নে ভূমিকা পালন করে আসছে।

(কেএইচকে/এসএএম/ ১৮ সেপ্টেম্বর ২০১৮)