Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 01:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘তৈরী পোশাক খাতের পণ্য ক্রয়ের ক্ষেত্রে শ্রম অধিকারের ইস্যুটি বেশ গুরুত্বপূর্ণ।  শ্রম অধিকার বাস্তবায়নে ইতোমধ্যে অনেক এগিয়েছে বাংলাদেশ। বাকি কাজগুলো সম্পন্ন করতে দেরি করলে বাংলাদেশের সুনাম নষ্ট হবে, বিদেশি ক্রেতাদের অন্যত্র ঝুঁকে পড়ার হুঁমকিও বাড়বে।’

মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সদ্য বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত  মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট  এসব কথা বলেন।

তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এ বিদায় সম্বর্ধনার আয়োজন করে।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংগঠনটির ভাইস প্রেসিডেন্টসহ অনান্য নেতারা  উপস্থিত ছিলেন।

মার্শিয়া বার্নিকাট বলেন, আমি যে কথাটা জোর দিয়ে বলছি, তা হলো আন্তর্জাতিক শ্রম আইনগুলো মেনে চলতে হবে। এটা শুধু সঠিক কাজই নয়, বুদ্ধিমানের কাজও বটে। যত দ্রুত সম্ভব এই বিষয়ে আইনগত পরিবর্তন আনুন। বিষয়টি দীর্ঘায়িত করলে কোনো লাভ হবে না। আইনকে আন্তর্জাতিক মানে উন্নিত করার পাশাপাশি কার্যকর করলে বিদেশের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা বাড়বে। এটি বিশ্ব বাজারে তৈরি পোশাকের অংশ বিস্তৃত করতেও সহায়ক হবে।

তিনি বলেন, ২০১৩ সাল থেকে অ্যাকর্ড এলায়েন্সের মাধ্যমে তৈরি পোশাকগুলোতে বিশাল পরিবর্তন এসেছে। এখন বিশ্বের নিরাপদ কারখানাগুলোর মধ্য চলে এসেছে বাংলাদেশ। যেটা আমি স্বচোখে দেখলাম।

সদ্য বিদায়ী এ রাষ্ট্রদূত বলেন, এটা সংস্কারে বিশাল বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগের সুফল আপনারা পাবেন, যদি আত্মতৃপ্তিতে না ভোগেন। কারণ, সামনের দিনে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, জাতীয় কর্ম পরিকল্পনার আওতায় কারখানাগুলোর সংস্কার কাজ শেষ করা ও সংস্কারে অর্জিত অগ্রগতি বজায় রাখা।

এদিকে মধ্যম আয়ের দেশে উন্নীত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহাল রাখার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

লিখিত বক্তব্যে সিদ্দিক বলেন, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া পর্যন্ত মার্শা বার্নিকাট সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশা করি।

বিজিএমইএ সভাপতি বলেন, মার্শা বার্নিকাট বাংলাদেশ ও দেশের পোশাক খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। ২০১৪ সালের শেষার্ধে তিনি এমন সময় এসেছিলেন যখন রানা প্লাজা দুর্ঘটনার পর শিল্পটি হুঁমকির মুখে পড়ে। পোশাক শিল্পের সেই সংগ্রামমুখর সময়ে তিনি শিল্পের রূপান্তর প্রক্রিয়ায় আমাদের সব ধরনের সহযোগিতা দিয়েছেন। তিনি পোশাক শিল্পে আমাদের পরম আত্মীয়।

(এসএএম/ ২৫ সেপ্টেম্বর ২০১৮)