
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জন ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৪ কোটি টাকার ঋণ অনুমোদন করিয়ে সেই অর্থ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির নামে হস্তান্তরের অভিযোগ তদন্তে বুধবার তাদেরকে দুদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের তলবের বিষয়ে একটি নোটিশ পাঠানো হয়।
যাদের তলব করা হয়েছে তারা হলেন—ফারমার্স ব্যাংকের সাবেক এমডি কেএম শামীম, এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, সাবেক ম্যানেজার (অপারেশন) ও ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, সাবেক হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়।
এর আগে এ অভিযোগের বিষয়ে গত ৬ মে দুদকের প্রধান কার্যালয়ে দুই ব্যবসায়ী মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জানা যায়, ২০১৬ সালে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে ২ কোটি টাকা করে মোট ৪ কোটি টাকা শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা ঋণ নেন। এরপর একই বছরের ১৬ নভেম্বর সেই অর্থ পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তর করেন। ওই বিষয়ে দুদকে আসা এক ব্যক্তির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তা যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
(জেএইচ/২৬ সেপ্টেম্বর ২০১৮)