Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 21:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বির্তকিত মন্তব্যে করার অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

মানহানি মামলায় জামিন হলেও কুমিল্লার নাশকতার দুই মামলায় জামিন না পেলে আপাতত খালেদার মুক্তি মিলছে না।

সোমবার (১ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ফলে এ দুই মামলায় খালেদার জামিন বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

নড়াইলের মামলায় গত ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় গত ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

পরে এ দুই মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত ৫ আগস্ট খারিজ করেন নড়াইলের আদালত। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত গত ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন।

এদিকে, ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত গত ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে গত ১৪ আগস্ট আদালত তাকে ৬ মাসের জামিন দেন।

(এমআইআর/ ১ অক্টোবর ২০১৮)