
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার তিনি বাসায় ফিরেছেন বলে জানা গেছে।
বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট নিয়েও এশিয়া কাপে খেলছিলেন সাকিব আল হাসান। কিন্তু চোটের অবস্থা বেশি খারাপ হলে দেশে ফিরে আসেন ফাইনালের আগেই। এসেই অস্ত্রোপচার করাতে বাধ্য হন। ফলে তিন দিন হাসপাতালেই ছিলেন বাংলাদেশের টি টোয়েন্টি ও টেস্ট দলের এ অধিনায়ক।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উড়ান ধরার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন চোট পাওয়া হাতে প্রচণ্ড ব্যথা। গায়েও জ্বর জ্বর ভাব। দেরি না করে চলে যান হাসপাতালে। চিকিৎসক জানালেন দুঃসংবাদ। চোট পাওয়া বাঁ হাতের কড়ে আঙুল থেকে সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়েছে। পুঁজ জমে মারাত্মক অবস্থা। তাৎক্ষণিক সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচার করে পুঁজ বের করা। এরপর গত তিন দিন হাসপাতালেই ভর্তি ছিলেন সাকিব।
চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাম হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পান সাকিব। প্রায় এক মাস মাঠের বাইরে থাকেন, খেলা হয়নি ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ ও শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির শুরু দিকে একাধিক ম্যাচ।
(জেএইচ/ ১ অক্টোবর ২০১৮)