
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গত বছরের মতো এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপি উদযাপিত হবে সপ্তাহব্যাপি এ অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
সোমবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।
এতে বলা হয়, আগামী ৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁয়ে কমিশনের মাল্টিপারপাস হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিএসইসি জানায়, সংস্থাটির এই অপরিমেয় উদ্যোগ একটি বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরিতে দূরদর্শী ভুমিকার পরিচয় দেয় যা আমাদের ভবিষ্যৎ অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই আর্থিক স্বাক্ষরতা প্রোগ্রাম দেশের জনগণের কাছে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষা পৌঁছে দেয়ার মহা পরিকল্পনার একটি অংশবিশেষ।
(এসএএম/ ০১ অক্টোবর ২০১৮)