
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করতে চায় মীর আখতার হোসাইন লিমিটেড।
এলক্ষ্যে আগামী ১৭ অক্টোবর রোড শো’র আয়োজন করতে যাচ্ছে কোম্পানিটি। ওইদিন সন্ধা ৭টায় রাজধানীর হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে পুঁজিবাজারের ইলিজিবল ইনভেষ্টরদের উপস্থিত থেকে রোড শোতে অংশগ্রহন করার জন্য কোম্পানিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোড-শো তে যোগ্য বিনিয়োগকারী (ইলিজিবল ইনভেস্টর) হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতিমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা বুক বিল্ডিংয়ের জন্য আবেদন করতে পারবে।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
প্রাপ্ত তথ্য অনুযায়ি, কোম্পানিটি বাজার থেকে ১২৫ কোটি টাকা তুলতে চায়। উত্তোলিত অর্থ থেকে কোম্পানিটি ৪৯ কোটি টাকা দিয়ে ভারী যন্ত্রপাতি, ১২ কোটি টাকা দিয়ে প্রধান কার্যালয়ে ভবন নির্মান, ১০ কোটি টাকা দিয়ে দুটি প্লান্ট, সাড়ে ১০ কোটি টাকা দিয়ে ওয়্যার হাউজ এবং ওয়ার্কশপ, ৪০ কোটি টাকা দিয়ে ব্যাংক লোন এবং বাকী সাড়ে ৩ কোটি টাকা আইপিও খরচে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ সালের হিসাব বছর শেষে ৩১৩ কোটি ৩০ লাখ টাকা আয় করেছে। আর কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬১ কোটি ৮৭ লাখ টাকা।
জানা গেছে, আন্তর্জাতিক মানের মহাসড়ক-সেতুর পাশাপাশি বিমান বন্দরের উন্নয়ন, কল-কারখানা, হাসপাতাল, পাঁচতারা হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান ভবন, রেলপথ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড।
(এসএএম/ ০২ অক্টোবর ২০১৮)