
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : শুধু সাশ্রয়ী মূল্য নয় সঙ্গে আছে কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ। তাও ভ্রমণের ক্ষেত্রে। ভ্রমণ পিপাসুদের কাছে এ যেন জ্যৈষ্ঠের খর উত্তাপে মেঘ না চাইতেই জল। সূবর্ণ সুযোগটি দিচ্ছে বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার।
সম্প্রতি সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ হাজার ৭৭৭ টাকায় কক্সবাজার ও ২ হাজার ৯৯৯ টাকার মাসিক কিস্তিতে কলকাতা ভ্রমণের সুযোগ দিচ্ছে তারা । ভ্রমণপিপাসু মানুষ জনপ্রতি মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে এই প্যাকেজে ভ্রমণ করার সুযোগ পাবেন। এ খরচার মধ্যে দুই রুটে আকাশপথে ভ্রমণের পাশাপাশি অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে দুই রাত তিন দিন পাঁচতারকা হোটেলে থাকা, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার জন্য গাড়ি, হোটেলে নাশতাসহ অন্যান্য সুবিধাও।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮টি ও কলকাতার ৩টি পাঁচতারকা মানের হোটেলের সঙ্গে চুক্তি করেছে তারা। ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত শীতকালীন বিশেষ প্যাকেজে এই সুবিধা থাকবে।
চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকেরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করার সুযোগ পাবেন।
প্যাকেজের আওতাভূক্ত কক্সবাজারের হোটেলগুলো হলো- নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, সিগ্যাল হোটেল, হোটেল দ্য কক্স টুডে, লং বিচ হোটেল, সায়মন বিচ রিসোর্ট এবং রয়েল টিউলিপ।
কলকাতার হোটেলগুলো হলো- দ্য ওবেরয় গ্র্যান্ড, দ্য পিয়ারলেস ইন এবং হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল।
নভোএয়ার বর্তমানে কক্সবাজারে প্রতিদিন ৪টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। শীতকালীন সময়সূচিতে এসব রুটে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা করছে নভোএয়ার।
১৩৬০৩ ফোন করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এছাড়া www.flynovoair.com/holidays ওয়েবসাইটটিতে ভিজিট করেও বিস্তারিত তথ্য জানা যাবে।
(জেএইচ/২ অক্টোবর ২০১৮)