
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : মুদ্রা পাচার ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১ নভেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক শুনানি শেষে এ দিন করেন। এ নিয়ে মামলাটির শুনানি ২৮ বার পেছাল।
২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।
মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে সিআইডিকে।
(জেএইচ/০২ অক্টোবর ২০১৮)