Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 07:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি বছর মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয় বলে নিশ্চিত করেছেন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

জানা যায়, চলতি বছর জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৬৮জন পরীক্ষার্থী। অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ৫০০ জনকে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ ও সর্বনিম্ন ৫৭। তবে পাস নম্বর ৪০ পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ৯৬৮ জন।

এদিকে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল স্বল্পতম সময়ে পৌঁছে যাবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

গত শুক্রবার (৫ অক্টোবর) সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে ১৯টি কেন্দ্রের ২৯টি ভেন্যুর ৮১৪টি কক্ষে আয়োজিত এ পরীক্ষায় প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী অংশ নেন। তখন স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হবে।

এদিকে গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার উত্তরপত্রের সংখ্যা কম হওয়া ও পরীক্ষার দিন (শুক্রবার) রাত ১২টার আগেই সব উত্তরপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছায় এবং ওএমআর মেশিনে কাজ দ্রুত শুরু হয়ে যায়। ফলে স্বাস্থ্য মহাপরিচালকের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে।

(জেএইচ/ ৭ অক্টোবর)