
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাদের স্বার্থে কাট-অফ প্রাইসের তুলনায় ১০ শতাংশ কমে শেয়ার দেওয়া হয়।
তিনি জানান, বিনিয়োগকারীদের স্বার্থে প্রয়োজন হলে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত বা বন্ধ করা হবে। একইসঙ্গে বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অফ প্রাইস নির্ধারনে যোগ্য বিনিয়োগকারীদেরকে যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান তিনি।
রোববার (০৭ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. এম খায়রুল হোসেন বলেন, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য মিথ্যা হিসাব (ফলস অ্যাকাউন্ট) নিয়ে আসলে বিএসইসির কিছু করার থাকে না। এক্ষেত্রে নিরীক্ষক ও মার্চেন্ট ব্যাংকারদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। যাতে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা পায়। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কাজ না করার জন্য মার্চেন্ট ব্যাংকারদের প্রতি অনুরোধ করেন। একইসঙ্গে ৫ বছর লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই এমন কোম্পানিকে শেয়ারবাজারে না আনার জন্য আহ্বান করেন তিনি।
বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষার প্রধান উপাদান ‘শিক্ষা’ বলে জানিয়েছেন খায়রুল হোসেন। এই শিক্ষা ছাড়া কোটি কোটি টাকার বিনিয়োগের সুরক্ষাও বাধাগ্রস্থ হতে পারে। এছাড়া বিনিয়োগ সুরক্ষায় আইনকানুন পরিপালন, মনিটরিং জোরদার ও সঠিক রিপোর্টিংয়ের দরকার।
খায়রুল হোসেন বলেন, আইওএসকো’র সঙ্গে তাল মিলিয়ে বিএসইসিও ২য়বারের মতো ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করতেছে। তবে বিএসইসি বিনিয়োগকারীদের জন্য আরও আগে থেকেই নানা ধরনের প্রোগ্রাম শুরু করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।
উল্লেখ্য, দেশে দ্বিতীয় বারের মতো পালন করা হচ্ছে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’। ইন্টারন্যাশনাল অর্গানাইজেজশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসকো) কর্তৃক ঘোষিত এ কর্মসূচি একযোগে বিশ্বের ৮৪টি দেশে উদযাপন করা হচ্ছে। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের শিক্ষিত ও সচেতন করতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
(এসএএম/ ০৭ অক্টোবর ২০১৮)