
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘বাংলাদেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা বেশি হওয়ায় ঝুঁকিটাও বেশি। এ কারনে পুঁজিবাজারে বিনিয়োগের আগে সবাইকে বিনিয়োগ কাঠামো সম্বন্ধে জানতে হবে। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল করতে বিশ্বের অন্য দেশগুলোর মত এদেশের শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো দরকার।’
‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন নিজামী এসব কথা বলেন।
সোমবার (০৮ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে (ইউল্যাব) সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের ( সিডিবিএল) আয়োজনে ‘বিনিয়োগ শিক্ষা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
হেলাল উদ্দিন নিজামী বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নতির পিছনে পুঁজিবাজারের ভূমিকা অনেক। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট পরিবর্তন হয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আলোচনা হচ্ছে। কিন্তু পুঁজিবাজারে দৃশ্যমান কিছু পরিবর্তন হলেও বাস্তবে বিনিয়োগকারীদের তেমন আগ্রহ নেই।
তিনি আরও বলেন, উদ্যোক্তাদের কিছু ভ্রান্ত ধারণার কারনে অনেক কোম্পানিই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় না। এসব ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসা দরকার। একইসঙ্গে বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান তিনি।
সেমিনারে পুঁজিবাজারে অবৈধ বিনিয়োগ থেকে দূরে থাকতে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেন বিএসইসির আরেক কমিশনার খন্দকার কামালউজ্জামান। এক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা আইন সম্পর্কে সচেতন থাকা উচিত। বিনিয়োগকারীদের জন্য যে ডিপজিটরি আইন ১৯৯৯ (১৯৯৯ সনের ৬ নং আইন )আছে, বিএসইসি বা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের সে আইনের সুবিধা গ্রহন করার পরামর্শ দেন তিনি।
সেমিনারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউল্যাবের বিজনেস স্কুলের প্রোফেসর ইমরান রহমান। এতে সিডিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরীসহ ইউল্যাবের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএএম/ ০৮ অক্টোবর ২০১৮)