Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 23:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. স্বপন কুমার বালা বলেছেন, কোম্পানির পরিচালনা পর্ষদ, বিজনেস গ্রোথ, ডিভিডেন্ড হিসট্রি দেখে বিনিয়োগ করতে আমি বিনিয়োগকারীদের অনুরোধ করবো। আর এসব বিষয়ে বিনিয়োগকারীদের ধারণা দিতেই ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করা হচ্ছে। একযোগে বিশ্বের ৮৪টি দেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে রাজাধানীর বিজয়নগরে ৭১ হোটেলে এই সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)।

সংগঠনটির সভাপতি মো: নাসির উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারন সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

ড. স্বপন কুমার বালা বলেন,   দেশে ৫৫-৬০টি মার্চেন্ট ব্যাংক বা ইস্যু ম্যানেজার থাকলেও হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু আনছে। দুই বছরের মধ্যে প্রত্যেকটি মার্চেন্ট ব্যাংকের আইপিও’র জন্য ইস্যু জমা দেওয়া বাধ্যতামূলক হলেও অনেকে তা করছে না। এক্ষেত্রে তাদের বিষয়ে কি করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছে কমিশন।

তিনি বলেন, শেয়ারবাজারে এখনো প্রাইমারি মার্কেট লাভজনক। এই মার্কেটে অবিশ্বাস্য ক্যাপিটাল গেইন করা যায়। যা একটি কোম্পানির লেনদেনের প্রথমদিনেই অর্জন করা যায়। এক্ষেত্রে সাধারনত ৩ মাস সময় লাগে। তবে এটাকে কমিয়ে আনার জন্য কমিশন কাজ করছে।

তিনি বলেন, উদ্যোক্তা বা পরিচালকদের উদ্দেশ্যের উপর একটি কোম্পানির ভালো-মন্দ নির্ভর করে।  তাই বিনিয়োগের আগে তাদের সর্ম্পর্কে জেনে নেওয়া উচিত।

এক প্রশ্নের জবাবে  ড. বালা বলেন বলেন, বার্ষিক সাধারন সভায় (এজিএম) দাবি নিয়ে কথা বলা শেয়ারহোল্ডারের মৌলিক অধিকার। যদি এটা সম্ভব না হয়, তাহলে শেয়ারহোল্ডারদের আদায় করে নিতে হবে। তাও না পারলে কমিশনে অভিযোগ করতে হবে। এর আলোকে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. স্বপন কুমার বালা বলেন, রাষ্টায়ত্ত ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি নিয়ে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করছে কমিশন। তবে তাদেরকে যেকোনো উপায়ে বাজারে আসতে বাধ্য করা যাবে না। কারণ এ বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।তবে এসব কোম্পানিকে বাজারে আনতে বিভিন্নভাবে চেষ্ঠা চলছে।

বিএমবিএ প্রেসিডেন্ট মো: নাসির উদ্দিন চৌধুরী বলেন, দেশে প্রায় ৬০টি মার্চেন্ট ব্যাংক আছে। আর আরজেএসসিতে প্রায় আড়াই লাখ কোম্পানির রেজিষ্ট্রেশন নেওয়া আছে। কিন্তু তারপরেও বছরে মাত্র ১০-১২টি কোম্পানি শেয়ারবাজারে আসে। এক্ষেত্রে আবার ১টি কোম্পানির শেয়ারবাজারে আসতে ৩-৪ বছর সময় লাগে।

তিনি বলেন, এবার বিশ্বে ৮৪টি দেশ ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদযাপন করছে। যা বাংলাদেশেও করা হচ্ছে। এক্ষেত্রে মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকারীদেরকে শিক্ষিত ও সচেতন করা। যাতে তারা সঠিক বিনিয়োগ করতে পারে এবং ক্ষতিগ্রস্থ না হয়।

লোভ ও আতঙ্ক থেকে বিনিয়োগকারীদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিএমবিএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ। তাহলে শেয়ারবাজার থেকে মুনাফা অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি।

(এসএএম/ ১১ অক্টোবর ২০১৮)